রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত বেসরকারি খাতের কোম্পানিগুলোও এখন থেকে বিদেশী ঋণ নিতে পারবে। কিছু প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংক গভর্নরের নেতৃত্বাধীন বিনিয়োগ বোর্ডের স্ক্রুটিনি কমিটিতে পাঠানোর পর তাদের ঋণ অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত হবে। এর আগে এসব কোম্পানি বিদেশি ঋণ নিতে পারতো না। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ইপিজেডে অবস্থিত কোম্পানিগুলো বেসরকারি খাতের বিদেশি ঋণের জন্য ব্যাংকের কাছে আবেদন করবে। ব্যাংকগুলো সেই আবেদন যাচাইয়ের জন্য পাঠাবে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) কাছে। বেপজা সেই আবেদন যাচাই-বাছাই শেষে তা পাঠাবে বাংলাদেশ ব্যাংক গভর্নরের নেতৃত্বাধীন বিনিয়োগ বোর্ডের স্ফুটিনি কমিটিতে। এ কমিটি ওই প্রতিষ্ঠানের ঋণের মেয়াদকাল, ঋণ গ্রহণের উদ্দেশ্য, ঋণ পরিশোধের সক্ষমতাসহ বিভিন্ন বিষয় যাচাই করে ঋণের চূড়ান্ত অনুমোদনের পর সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে ঋণ আনতে পারবে।
জানা গেছে, ইপিজেড এলাকায় অবস্থিত কোম্পানিগুলো বিনিয়োগ বোর্ডের তালিকাভুক্ত কোম্পানি না হওয়ায় তারা বিদেশি ঋণ নিতে পারতো না। বিদেশ থেকে কম সুদে ঋণ পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করতে এসব প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছে। তারই পরিপ্রেক্ষিতে এ প্রজ্ঞাপন জারি করল বাংলাদেশ ব্যাংক।
