মৈত্রী ট্রেনের যাত্রী সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। ঢাকা—কলকাতা—ঢাকা যাতায়াতে মৈত্রী ট্রেন অনেক নিরাপদ এবং আরামদায়ক। তবে দর্শনা ও গেদে চেকপোস্টে দ্রুত ইমিগ্রেশন ব্যবস্থা প্রবর্তন করা হলে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে। এ ট্রেনের যাত্রাপথে বিড়ম্বনা এমনিতে কম, তবে পথে পথে ট্রেনের থামাথামি বন্ধ করা দরকার। ট্রেনের অভ্যন্তরে এসি চেয়ার সিটের চাহিদা অনেক বেশি।
আগে এই মৈত্রী ট্রেনে কলকাতা যেতে বা আসতে যাত্রী পাওয়া যেতো না, কিন্তু এখন অগ্রিম টিকেট না কিনলে সিট পাওয়া দুষ্কর। দুর্ভোগ কমানোর জন্য ঢাকা এবং কলকাতা থেকে মৈত্রী ট্রেনের রিটার্ন টিকেট ক্রয়ের ব্যবস্থা করা উচিত। একইসঙ্গে খাবার মান আরো উন্নত করা এবং সেবার মান বাড়ানো উচিত। এছাড়া দর্শনা রেলস্টেশনে উন্নতমানের হোটেল বা রেষ্টুরেন্ট চালু করা হোক। পরিশেষে, ঢাকা— কলকাতা— ঢাকা মৈত্রী ট্রেনের সংখ্যা সপ্তাহে দু’দিনের পরিবর্তে ৪ দিন চালু করার ব্যবস্থা নেওয়া হলে জনদুর্ভোগ কমবে। এ ব্যাপারে উভয় দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
মাহবুব উদ্দিন চৌধুরী,
ফরিদাবাদ, গেণ্ডারিয়া,
ঢাকা ১২০৪
