আরো ৮ মেয়েকে অপহরণ করেছে বোকো হারাম
নাহজেরিয়ায় অপহূত প্রায় তিনশ’ স্কুলছাত্রীকে উদ্ধারে সহায়তা দিতে দেশটিতে সামরিক ও আইন প্রয়োগকারী বিশেষজ্ঞ দল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া অপহরণকারী জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন। এদিকে রবিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আরো ৮ মেয়েকে অপহরণ করেছে বোকো হারামের সন্দেহভাজন জঙ্গিরা। এর আগে অপহূতদের উদ্ধারে যুক্তরাষ্ট্র দেশটির সরকারকে সহায়তার প্রস্তাব দেয়। নাইজেরিয়া প্রস্তাব গ্রহণ করেছে বলে প্রেসিডেন্ট ওবামা মঙ্গলবার নিশ্চিত করেন। তিনি অপহরণের এ ঘটনাকে হূদয়বিদারক এবং ন্যক্কারজনক হিসেবে বর্ণনা করেন এবং বোকো হারামকে এ অঞ্চলের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেন ওবামা। এছাড়া এ ঘটনা সারা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তুলেছে এবং এটা মানবতার বিরুদ্ধে অপরাধকে উস্কে দিতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের একটি স্কুল থেকে বোকো হারাম গতমাসে শতাধিক ছাত্রীকে অপহরণের পর রবিবার নতুন করে ৮ মেয়েকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এবারও একই রাজ্যেরই আরেক গ্রাম ওয়ারাবেতে এদিন রাতে ১২ থেকে ১৫ বছর বয়সী ঐ মেয়েদেরকে অপহরণ করে জঙ্গিরা। ওদিকে সোমবার বোকো হারামের নেতা আবুবকর শেকাউ প্রথমবারের মত একটি ভিডিও বার্তায় স্কুলছাত্রীদেরকে অপহরণের স্বীকারোক্তি দিয়ে তাদেরকে বাজারে বিক্রি করার হুমকি দেন।
