মার্কিন সরকারের কয়েকটি সংস্থা পরিচালিত গবেষণায় বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে আমেরিকার মানুষের জীবনের ওপর তীব্র প্রভাব পড়বে। হুমকি মোকাবিলায় প্রয়োজনে জলবায়ু পরিবর্তন বিরোধী যুদ্ধ ঘোষণা করার কথা বলেছেন বিজ্ঞানীরা। গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে মানব সৃষ্ট কারণ। মানুষের অপরিকল্পিত কার্যকলাপের কারণে প্রভাব পড়ছে জনজীবনের ওপর। বিশ্ববাসী জলবায়ুর পরিবর্তন ঠেকাতে ব্যর্থ হলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে, অনাবৃষ্টির হার বেড়ে যাবে এবং অনাকাঙ্ক্ষিত কীটপতঙ্গের প্রাদুর্ভাবও চরম সীমায় পৌঁছাবে। ৮৪০ পৃষ্ঠার গবেষণা প্রতিবেদনটি তৈরি করতে সময় লেগেছে চার বছর। সরকারি ১৩টি বিভাগ ও সংস্থা গবেষণায় অংশ নিয়েছে। কৃষি বিভাগ থেকে শুরু করে নাসা ছিলো এই ১৩টি বিভাগের মধ্যে। যেখানে ২৫০ জন বিজ্ঞানী, শিক্ষাবিদ, এনজিও কর্মী ও অন্যান্য পেশার লোকজন অংশ নিয়েছিলেন।
