বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ছয় খুন

আপডেট : ০৭ মে ২০১৪, ২১:৫৮
দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে পৃথক ঘটনায় ছয়জন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। বাবার কোদালের আঘাতে শিশুর মৃত্যু সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মষিপুর গ্রামে গতকাল বুধবার সকালে পিতার কোদালের আঘাতে মিথিলা (২) নামে এক শিশু মারা গেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী বাহাদুর আলীর সাথে স্ত্রী রুনা পারভিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কোদাল দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে স্ত্রীর গায়ে না লেগে পাশে থাকা দুই বছরের শিশু মিথিলার মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই মিথিলা মারা যায়। শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবাল ও শাহজাদপুর থানা সার্কেল এএসপি জিল্লুর রহমান জানান, এ হত্যার রহস্য উদঘাটনে জোর চেষ্টা চলছে। ঘটনার পর মিথিলার বাবা পলাতক রয়েছে। দীঘিনালায় মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ভৈরফা অটলটিলা এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় শাহ আলম (৩০) নামে এক মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাবাসী রিমন মিয়া ও নূরন্নবী নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে। দীঘিনালা থানার ওসি শাহাদাত্ হোসেন টিটু জানান, খাগড়াছড়ি সদর থেকে যাত্রী নিয়ে দীঘিনালায় যাওয়ার পথে ভৈরফা এলাকায় দুর্বৃত্তরা তাকে হত্যা করে। দামুড়হুদায় নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে গত মঙ্গলবার রাতে মন্টু মিয়া (৪০) নামে এক নৈশপ্রহরীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে অত্র এলাকায় গত ১৫ দিনে চারজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, মন্টু মিয়া নিজ বসতঘরের বারান্দায় ঘুমিয়েছিলেন। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে চলে যায়। চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশিদুল হাসান জানান, দামুড়হুদা মডেল থানার ওসি শিকদার মশিউর রহমানের নেতৃত্বে সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে। মহেশপুরে পিটিয়ে হত্যা ঝিনাইদহের মহেশপুর উপজেলায় গত মঙ্গলবার সকালে আমিনুল হক (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে সে নিহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান ও মহেশপুর থানার ওসি শাহাজান আলী, এসআই বিপ্লব লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে ছিলেন। মুকসুদপুরে বড় ভাই খুন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বগাইল গ্রামে গত মঙ্গলবার বিকালে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাই আমিনুল ইসলামের মারধরে বড় বাদশা (৪০) মারা যান। এ ঘটনায় পুলিশ গতকাল বুধবার সকালে ছোট ভাই আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে। পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, বগাইল গ্রামের আব্দুল আলীর দুই পুত্র বাদশা ও আমিনুলের মধ্যে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ ও মামলা চলছিল। এ ঘটনার জের ধরে ছোট ভাই আমিনুল ইসলাম ঘটনার দিন মামলার হাজিরা দিয়ে বাড়িতে এসে বড় ভাইকে মারধর করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। নেত্রকোনায় পিতার হাতে শিশু নিহত নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমশিয়া গ্রামে গত মঙ্গলবার রাতে পিতার প্রহারে নাঈম (৮) নামে শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পিতা কাজী আলমকে বুধবার সকালে পুলিশ আটক করেছে। পুলিশ জানায়, আলম নাঈম ও ২ বছরের শিশু কন্যাকে নিয়ে দুর্গাশ্রম গ্রামে এক আত্মীয়ের বিয়েতে আসেন। বিয়ের রাতে কন্যাকে পুত্র নাঈমের কোলে রেখে অন্য ঘরে যান। কোল থেকে শিশু পড়ে গিয়ে কান্না করলে পিতা ছুটে আসেন। রেগে গিয়ে নাঈমের কানের পাশে বেশ কয়েকটি থাপ্পর দিলে সে অসুস্থ হয়ে পড়ে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান।