মোহামেডান আবাহনী একই দিনে মাঠে নামছে আজ

আপডেট : ০৭ মে ২০১৪, ২২:১৪
আবাহনী ও মোহামেডান বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ বৃহস্পতিবার একই দিনে মাঠে নামবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মোহামেডান খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে। দিনের অপর খেলাটিতে আবাহনীর প্রতিপক্ষ বিজেএমসি। শেখ জামাল ৩১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে। ২৫ পয়েন্ট নিয়ে আবাহনী দ্বিতীয় ও ২৩ পয়েন্ট পেয়ে মোহামেডান আছে তৃতীয় স্থানে। বিজেএমসির কাছে হেরে মোহামেডান মূল্যবান তিন পয়েন্ট হারিয়েছে। না হলে মোহামেডান এখন শেখ জামালের পিছু নিতে পারতো। মোহামেডান এখন আবাহনীর পিছু নিয়েছে। মোহামেডান জিতলে আর আবাহনী হোঁচট খেলে টপকে যাওয়ার সুযোগ আসবে। এর উল্টোটা হলে আবাহনী আরো এগিয়ে যাবে। মোহামেডানের জন্য আজ শেখ জামালকে হারানো কঠিনই হবে। কারণ মোহামেডানের চাইতে কাগজে- কলমে এবং মাঠের পারফরম্যান্সে অনেকটাই এগিয়ে শেখ জামাল। লিগের প্রথম পর্বে ম্যাচের ৬০ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল মোহামেডান। সেই ম্যাচের রেফারির দেয়া অতিরিক্ত ৮ মিনিটে গিয়ে তকলিসের গোলে শেখ জামাল সমতা এনে হার ঠেকিয়েছিল। মোহামেডান এখন খেলার ধরন পাল্টেছে। এগিয়ে গিয়েও জেতা ম্যাচ খোয়ানোর সুযোগ নষ্ট হতে দেবে না তারা। কোনোরকমে একটা গোল করেই সেটাকে ধরে রাখার প্রাণান্ত চেষ্টা চালাতে দেখা গেছে দলটিকে। রক্ষণাত্মক ফুটবল খেলার নামে নেতিবাচক ফুটবল খেলে মোহামেডান গোল ধরে রাখতে চায়। এমন পদ্ধতিতে মোহামেডান সুফলও পেয়েছে। কিন্তু কতক্ষণ সুতোর উপরে টিকে থাকা যায়। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেটা জেনেই লড়াইয়ে নামছেন সাদাকালো দলের পর্তুগীজ কোচ রুই ক্যাপেলা। পর্তুগীজ এই কোচ শেখ জামালকে আরেকবার জালে আটকানোর চেষ্টা চালাবেন। তবে তার সব চেষ্টা বিফল করে দেয়ার জন্য প্রস্তুত শেখ জামালের নাইজেরিয়ান কোচ যোশেফ আফুসি। এবার আর পিছিয়ে না থেকে কিভাবে আগে গোল করে সুবিধা নেয়া যায় তার পরিকল্পনা চূড়ান্ত। দলের অনুশীলনে নিজেই খেলেন এই কোচ। সেটপিসকে ব্যবহার করে কিভাবে গোল আদায় করা যায় তা নিয়ে মাঠে ব্যাপক অনুশীলন করছে শেখ জামাল। অধিনায়ক মামুনুল ইসলামকে দিয়ে কর্নার প্রশিক্ষণ করিয়েছেন অনেকবার। মামুনুল ইসলামের প্রতিটি কর্নার করেছেন দেখার মতো। শেখ জামাল দুই গোলে এগিয়ে থেকেও সকার ক্লাবের সাথে ২-২ ব্যবধানে ড্র করেছিল। কিভাবে এটা হলো তা এখনও বুঝতে পারছেন না দলের কোচ। ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরি বলছেন, ‘ভাই মাঠ ভালো না। বল ভালো না। একটা ভালো মানের ম্যাচ খেলার জন্য ভালো মাঠ থাকা এবং ভালো বল থাকাটা অনেক বেশি জরুরি।’ মোহামেডানের বিরুদ্ধে গোলদাতা তকলিস মনে করছেন, তাকে নামানো হলে আজও গোলের সুযোগ নেবেন তিনি। আবাহনী মোহামেডান ম্যাচের পর একই মাঠে সন্ধ্যা সাড়ে ৭টায় বিজেএমসির বিরুদ্ধে খেলবে। আগের ম্যাচে মোহামেডানের কাছে হেরেছে আবাহনী। আর উত্তর বারিধারা ক্লাবের কাছে হেরেছে বিজেএমসি। দুই দলই মুখিয়ে আছে জয় পাওয়ার জন্য। প্রথম পর্বে আবাহনী ১-০ গোলে হারিয়েছিল বিজেএমসিকে।