খালাস পাওয়া ৬৯ বিডিআর সদস্যের শাস্তি চেয়ে আপিল

আপডেট : ০৭ মে ২০১৪, ২২:৫৭
পিলখানা হত্যা মামলায় বিচারিক আদালতে খালাস পাওয়া বিডিআর জওয়ানদের মধ্য থেকে ৬৯ জনের বিরুদ্ধে আপিল করেছে সরকার। গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়। আপিলে খালাসপ্রাপ্ত এসব জওয়ানের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রদানের আবেদন জানানো হয়েছে। আপিলকৃতদের মধ্যে ৪৩ জন সিপাহী, ৭ জন ল্যান্স নায়েক, ৬ জন নায়েক, ৫ জন হাবিলদার, ৪ জন জেসিও, ২ জন কুক, ১ জন করে সুবেদার ও ওয়ার্ডবয় রয়েছেন। গত বছরের ৫ নভেম্বর ঢাকার একটি বিশেষ আদালত পিলখানা হত্যা মামলায় ২৭৭ জনকে বেকসুর খালাস দেয়। মৃত্যুদণ্ড দেয়া হয় ১৫২ জন বিডিআর জওয়ানকে। যাবজ্জীবন কারাদণ্ড পান ১৬১ জন জওয়ান। বাকিদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেয় আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, ওই রায়ের পর খালাসপ্রাপ্ত সব আসামির বিষয়ে সাক্ষ্য প্রমাণ আমরা পর্যালোচনা করেছি। আমাদের মনে হয়েছে, এই ৬৯ জনের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ থাকার পরও বিচারিক আদালতে তারা খালাস পেয়েছিলো। তাই তাদের যথাযথ শাস্তি চেয়ে আপিল করেছি। ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।