মিরসরাইয়ে খাদ্যে বিষক্রিয়ায় আটজন অসুস্থ

আপডেট : ০৭ মে ২০১৪, ২২:৫৮
উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের আটজন অসুস্থ হয়ে পড়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের নাগ বাড়িতে এ ঘটনা ঘটে। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। চিকিত্সাধীন অবস্থায় আন্না নাথ জানান, গত মঙ্গলবার রাতে তারা মাছ ও কচু তরকারি দিয়ে রাতের খাবার খান। রাত ১টার দিকে সবাই অসুস্থ বোধ করে একে একে সবাই জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীতে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে মিরসরাই সদরের মাতৃকা হাসপাতালে নিয়ে আসে। মাতৃকা হাসপাতালের কর্তৃব্যরত চিকিত্সক জানান, খাবারের মধ্যে বিষক্রিয়া থাকতে পারে। অবস্থার অবনতি ঘটায় সবাইকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।