ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও দাতা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে খুন, গুম ও অপহরণের ঘটনাসহ দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছে বিএনপি। তাদেরকে দেয়া হয়েছে এ সংক্রান্ত একটি সিডি এবং লিখিত ডকুমেন্টস, যাতে রয়েছে গত ১৪ মাসে দলের গুম-খুনের শিকার বিএনপির নেতা-কর্মীদের পরিসংখ্যানসহ তাদের জীবন বৃত্তান্ত। এতে বলা হয়েছে, গত বছরের ১ জানুয়ারি থেকে এ বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া গুম হয়েছেন ২৫ জন। শুধু ২০১৩ সালেই ২১১ জন নিহত ও ১৯ জন গুম হয়েছেন। এ ছাড়া ৫ জানুয়ারির নির্বাচন পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৫ জন নিহত ও ৬ জন গুম হয়েছেন।
রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে গতকাল বুধবার বিকাল ৪টা থেকে ৫টা ৩৫ মিনিট পর্যন্ত এই বৈঠক চলে।
বৈঠক শেষে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। দেশের বর্তমান অবস্থা তাদেরকে অবহিত করেছি। তিনি বলেন, আমরা বিভিন্ন সময় বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনা করে আসছি, এটা তেমনই একটি বৈঠক।
বিদেশি কূটনীতিকদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানাসহ আমেরিকা, ফ্রান্স, নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, তুরস্ক, জাপান, কানাডা, নেপাল, পাকিস্তান, ইটালির প্রতিনিধিবৃন্দ। এছাড়া ইউএনডিপি’র একজন আবাসিক প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিনিধি দলে ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম ওসমান ফারুক, রিয়াজ রহমান, এনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, খালেদা জিয়ার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত মাওলানা এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য জেবা খান ও সাংবাদিক শফিক রেহমান বৈঠকে উপস্থিত ছিলেন।
বিএনপির একজন নেতা জানান, তারা বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন যে, দেশে কারো জীবন নিরাপদ নয়। রাজনীতিকদের পাশাপাশি ব্যবসায়ীরাও হত্যা-গুমের শিকার হচ্ছেন। দেশের আইন-শৃংখলা পরিস্থিতি শিথিল হয়ে পড়েছে। সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সব কিছু। প্রতিদিন অপহরণ হচ্ছে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নামে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। পরে লাশ পাওয়া যাচ্ছে। নারায়ণগঞ্জের ৭ হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোকপাত করেন তারা। বিএনপির নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতিও বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরেন।
