সেনানিবাসে অন্তরীণ সেই তিন সামরিক কর্মকর্তা

আপডেট : ০৭ মে ২০১৪, ২৩:২০
নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করে হত্যার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে চাকরিচ্যুত তিন সামরিক কর্মকর্তাকে ঢাকা সেনানিবাস লগ এরিয়ায় অন্তরীণ করা হয়েছে। তিন সামরিক কর্মকর্তা হলেন লে.কর্নেল তারেক সাঈদ মাহমুদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার মাসুদ রানা। মঙ্গলবার রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা র্যাব থেকে প্রত্যাহার করা ঐ তিন কর্মকর্তাকে তাত্ক্ষণিক চাকরিচ্যুত করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশ কার্যকর করার পর রাতেই অভিযুক্ত তিন কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের লগ এরিয়ায় যুক্ত করা হয়। অভিযুক্তরা একটি সুশৃঙ্খল নিয়মিত বাহিনীর সদস্য। অভিযোগের ভিত্তিতে তাদেরকে প্রাথমিক পর্যায়ে চাকরিচ্যুত করা হয়েছে। অভিযোগগুলো খতিয়ে দেখার জন্যই তাদেরকে সেনানিবাসের লগ এরিয়ায় যুক্ত করা হয়েছে। এখানে তারা কোন ল্যান্ড টেলিফোন, মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। শুধু অনুমতিসাপেক্ষে তাদের স্ত্রী ও সন্তানরা দেখা করতে পারবেন। অপরদিকে, গতকাল এই তিন সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করার খবর পাওয়ার পর নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা বিউটি জানান, হত্যাকাণ্ডে জড়িত র্যাব কর্মকর্তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। চাকরিচ্যুত সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদের দিকে সরাসরি অভিযোগ তুলেছেন সেলিনা। সেলিনা বলেন, প্রশাসনের সহযোগিতা ছাড়া আমার স্বামীসহ ৭ জনকে হত্যা করা সম্ভব নয়। ৬ কোটি টাকার বিনিময়ে র্যাব-১১ অধিনায়ক তারেক সাঈদসহ অন্যরা তাদেরকে হত্যা করেছে। তাই হত্যাকাণ্ডে জড়িত র্যাব কর্মকর্তাদের শুধু চাকরিচ্যুত করলেই হবে না, তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।