বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজর আল শেহিকে এসএমএস-এর মাধ্যমে মৃত্যুর পরোয়ানা দেয়ার অভিযোগে মঙ্গলবার রাতে পুলিশ বানারীপাড়া পৌর এলাকা থেকে মিরাজ হোসেন নামে এক কিশোরকে গ্রেফতার করেছে। তাকে ঢাকার গুলশান থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। মিরাজ এ বছর বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন(পাইলট) থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
বানারীপাড়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, পৌর শহরের ২নং ওয়ার্ডের জাকির হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ট্যাব উদ্ধার করা হয়েছে।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত ৪ মে ইউএই’র রাষ্ট্রদূতের মোবাইল ফোনে মৃত্যুর হুমকি দিয়ে একটি এসএমএস আসে। এ ঘটনার পর দূতাবাস থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। বুধবার মিরাজকে জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নেয়া হয়েছে।
