এখন থেকে সিঙ্গারের সকল শোরুম থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাঠানো রেমিট্যান্সের টাকা তোলা যাবে। ফলে ব্যাংকিং সময়ের বাইরে ও ছুটির দিনেও গ্রাহকরা টাকা তুলতে পারবেন। এ কাজে ব্যাংকিং পার্টনার হিসেবে সহযোগিতা করবে ব্যাংক এশিয়া। গতকাল রাজধানীর একটি হোটেলে সিঙ্গারের মাধ্যমে ওয়েস্টার্ন মানি ট্রান্সফার সার্ভিসের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিঙ্গারের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এবং সিঙ্গার এশিয়ার রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট এ এম হামিম রাহ্্মাতউল্লাহ, ওয়েস্টার্ন ইউনিয়নের মিডল ইস্ট ও সাউথ এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজিভ গারোদিয়া, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বিজয় রাজ পাদুভাল, ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এ রউফ চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর মেহমুদ হুসাইন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জানানো হয়, সারাদেশে ৩৭১টি সিঙ্গার মেগা ও সিঙ্গার প্লাস শপের মাধ্যমে এ টাকা পাওয়া যাবে। এবছর সিঙ্গারের আরো ১০টি আউটলেট খোলা হবে। সেগুলোর মাধ্যমেও বিশ্বের ২০০টিরও বেশি দেশ থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাঠানো টাকা তোলা যাবে।
