দক্ষিণ চীন সাগরে ‘বিপজ্জনক আচরণ’ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

আপডেট : ০৮ মে ২০১৪, ২১:০৬
বিতর্কিত জলসীমায় ভিয়েতনাম ও চীনের জাহাজের মধ্যে সংঘর্ষের পর দক্ষিণ চীন সাগরে ‘বিপজ্জনক আচরণ এবং ভীতিপ্রদর্শন’ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্যারাসেল দ্বীপের কাছে চীনের একটি তেল রিগ স্থাপনে ভিয়েতনামের জাহাজগুলো বাধা দিলে ঐ সংঘর্ষ হয়। গত কয়েক বছরের মধ্যে সাগরে দুই দেশের এটি সবচেয়ে গুরুতর ঘটনা হওয়ায় চীন ও ভিয়েতনামের কয়েক ডজন জাহাজ এখন সেখানে অবস্থান নিয়েছে। ঐ এলাকায় তেল রিগ স্থাপনে বেইজিংয়ের এই ভূমিকাকে ‘উস্কানিমূলক’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন পিসাকি এক বিবৃতিতে বলেন, ‘এই পদ্ধতিতে বিতর্কিত এলাকায় নিজেদের দাবি অগ্রসর করতে ঐ একতরফা কার্যকলাপ চীনাদের স্বভাবের একটি বড় উদাহরণের দৃষ্টান্ত যা ঐ এলাকায় শান্তি স্থিতিশীলতার ভিত্তি দুর্বল করে দেয়।’ সকল পক্ষকে ‘শান্তি ও পেশাদারী পদ্ধতিতে’ কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘জাহাজ পরিচালনার মাধ্যমে সাগরে বিপজ্জনক আচরণ এবং ভীতিপ্রদর্শনের বিষয়টি নিয়েও আমরা খুব উদ্বিগ্ন।’ তিনি আরো বলেন, এ ঘটনাটি বিতর্কিত এলাকার দাবিদারের জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী দাবির বিষয়টি স্পষ্ট করার প্রয়োজনীয়তাকে তুলে ধরেছে।’ উল্লেখ্য, এ ঘটনাটি ঘটেছে চীন নিয়ন্ত্রিত প্যারাসেল দ্বীপের কাছে, যার মালিকানা ভিয়েতনামও দাবি করে থাকে। গত সপ্তাহে চীন সেখানে তেল রিগ নির্মাণের ঘোষণা দেয়ার পর থেকে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়। ভিয়েতনাম বলেছে, তারা ঐ এলাকায় সমুদ্র পুলিশ এবং মাছ ধরার নৌকা পাঠিয়েছে। সংঘর্ষের ঘটনায় ছয় কর্মকর্তার আহত হওয়ার কথাও জানিয়েছে দেশটি। অপরদিকে চীন বলেছে, ‘ভিয়েতনামীদের পক্ষ থেকে বাধা দেয়ার কার্যকলাপটি চীনের সার্বভৌম অধিকারের লঙ্ঘন।’