মথুরা আসনে পাঁচ কোটি রুপির ‘হেমা মালিনী’

আপডেট : ০৮ মে ২০১৪, ২১:০৬
উত্তর প্রদেশের মথুরা আসনে হেমা মালিনী বনাম হেমা মালিনী ভোটযুদ্ধ হবে। ভোটারদের চক্ষু চড়কগাছ! অনেকেরই বিষয়টি বুঝতে অসুবিধা হচ্ছে। এবারের লোকসভা নির্বাচনে মথুরা আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী বলিউডের ড্রিমগার্ল খ্যাত হেমা মালিনী। তিনি মাঝে মাঝে এলাকায় প্রচারণায় যাচ্ছেন। কিন্তু নির্বাচনী প্রচারণায় এলাকার ভোটাররা আরো একজন হেমা মালিনীকে দেখতে পাচ্ছেন। তিনি দেখতে অবিকল হেমা মালিনীর মতো। অথচ তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট চাচ্ছেন। অনেক ভোটার ধন্দে পড়ে ভাবছেন, হেমা মালিনী তো বিজেপির প্রার্থী। তাহলে স্বতন্ত্র হিসেবে ভোট চাচ্ছেন কেন! সমপ্রতি একটি নিউজ চ্যানেল হেমা রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে। নিউজ চ্যানেলকে এই স্বতন্ত্র প্রার্থী হেমাকে পরিষ্কার বলেতে শোনা যায়, তাকে ৫ কোটি রুপির লোভ দিয়ে বিজেপি প্রার্থী হেমা মালিনীর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। কারা দাঁড় করিয়েছে তা তিনি বলতে রাজি হননি। নামে বিভ্রান্ত করে জনতাকে ঘুরপাক খাইয়ে কিছু ভোট এদিক ওদিক করা এদের উদ্দেশ্য। এ কথা নিজের মুখে স্বীকারও করে নিয়েছেন দ্বিতীয় হেমা। এর জন্যই তার নির্বাচনী প্রতীক ফুলকপি। ভোট দেয়ার সময় এটি বিজেপির প্রতীক ‘পদ্মফুলের’ সাথে গুলিয়ে ফেলতে পারেন অনেকে। কিছু ভোট বিজেপির বিরুদ্ধে গেলে হেমার নিয়োগকর্তাদের লাভ। ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্য নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা বিশাল চৌহান ভিডিওটি পরীক্ষা করার পর সদর থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন। ৫ কোটির লোভের ফল শেষ পর্যন্ত কী হয়, তা দেখার অপেক্ষায় মথুরাবাসী। টাইমস অব ইন্ডিয়া।