নাইজেরিয়ায় শতাধিক স্কুলছাত্রী অপহরণের ঘটনায় বিশ্বকে নিশ্চুপ না থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানি নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। এদিকে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন। নারী শিক্ষার অধিকার নিয়ে প্রচারণার জন্য ২০১২ সালে তালেবানরা মালালার ওপর গুলি চালায়। তবে প্রয়োজনীয় চিকিত্সা নেবার পর বেঁচে যান ১৬ বছর বয়সী এ কিশোরী। এক সাক্ষাত্কারে মালালা ইউসুফজাই বলেন, যদি আমরা নাইজেরিয়ার ঘটনা নিয়ে চুপ করে বসে থাকি তাহলে এটি আরো ছড়িয়ে পড়বে এবং বারবারই এর পুনরাবৃত্তি ঘটবে। এসব ছাত্রীকে নিজের বোন হিসেবে বর্ণনা করে মালালা বলেন, ভবিষ্যতে এ ধরনের অপহরণের ঘটনা বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, বোকো হারাম একটি চরমপন্থি সংগঠন যারা ইসলামের প্রকৃত মর্মার্থ বোঝে না।
এদিকে এ ঘটনায় দেশটির সরকার ও অন্য আফ্রিকান দেশগুলোর সমালোচনা করে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছেন, তারা এ অপহরণের বিষয়ে দ্রুত কোন পদক্ষেপ নেয়নি। এছাড়া ছাত্রীদের মুক্ত করতে যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান আনান। ওদিকে বুধবার দেশটির রাজধানী আবুজায় বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু স্কুলছাত্রী অপহরণের ঘটনার ফলে তা আর হচ্ছে না। অন্যদিকে গত সোমবার একই প্রদেশে আরো হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩০০ জন মানুষ নিহত হয়ে থাকতে পারে।
