নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ১২৫

আপডেট : ০৮ মে ২০১৪, ২১:০৭
উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সীমান্ত সংলগ্ন একটি ছোট শহরে দেশটির বিদ্রোহী জঙ্গিদের তাণ্ডবে অন্ততপক্ষে ১২৫ জন নিহত হয়েছেন। সোমবার প্রতিবেশী দেশ ক্যামেরুনের সীমান্ত সংলগ্ন গামবুরু শহরে এই হত্যাযজ্ঞ চালানো হয় বলে বুধবার জানিয়েছে পুলিশ। আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত সন্দেহভাজন বোকো হারামের জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে মনে করছে পুলিশ। হামলার দিন ভোর হওয়ার আগেই একদল বন্দুকধারী গামবুরু শহরটিকে ঘিরে ফেলে। দিনের গরম এড়ানোর জন্য বাজার প্রধান শহরটিতে তখন জড়ো হয়েছিল ক্রেতা ও বিক্রেতারা। শহরটিকে ঘিরে ফেলে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে নির্বিচার গুলি ছুঁড়তে শুরু করে হামলাকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা দোকানপাট, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, আতঙ্কিত লোকজনকে ধরে নিয়ে জবাই করে। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করা এক পুলিশ কর্মকর্তা বলেছেন, নিহতের সংখ্যা কম করে হলেও ১২৫ জন হবে। “৮৫টি লাশ গোনার পর আমি গোনার আগ্রহ হারিয়ে ফেলি। এটা ভয়ানক। তারা বাজারে যানবাহন, গাড়ি, গরু ও শস্য বোঝাই ১৭টি ট্রাক পুড়িয়ে দিয়েছে,” বলেন তিনি। নাইজেরিয়ার উত্তর-পূর্বের এই এলাকা থেকে এপ্রিলে প্রায় ২শ’ স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বোকো হারামের জঙ্গিরা। ওই ছাত্রীদের উদ্ধার করার আগেই মঙ্গলবার আরো আট ছাত্রীকে অপরহণ করেছে গোষ্ঠীটি। বোকো হারামের নেতা আবুবকর শেকু এক ভিডিও বার্তায় অপহূত ওই স্কুল ছাত্রীদের “বাজারে বিক্রি” করে দেয়ার হুমকি দিয়েছেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় জনগণ চরম ক্ষুব্ধ হয়ে আছে। অপহূত স্কুল বালিকাদের উদ্ধারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বিভিন্ন দেশ সহায়তার আশ্বাস দিয়েছে।