সংবাদ কণিকা

আপডেট : ০৮ মে ২০১৪, ২১:০৭
সুব্রতর জামিন আবেদন খারিজ ভারতের সর্বোচ্চ আদালত সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়ের জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারেই রাখার নির্দেশ দিয়েছে। তার প্রতিষ্ঠান বেআইনি বন্ডপ্রকল্পে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ার কারণে আদালত এই আদেশ দেয় বলে জানা গেছে। কিস্তিতে ১০ হাজার কোটি রুপি জমা দেয়ার প্রস্তাব দিয়ে তার বিনিময়ে সাহারার চেয়ারম্যান সুব্রত রায়ের জামিন চেয়ে করা প্রতিষ্ঠারটির আবেদন খারিজ করে দিয়েছে আদালত। আদালত সাহারাকে নতুন প্রস্তাব দেয়ার আহ্বান জানিয়েছে। — রয়টার্স জুমার স্ত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার দুর্নীতিবিরোধী এক প্রতিবেদনের সমালোচনা করতে গিয়ে প্রেসিডেন্ট জ্যাকব জুমা তার স্ত্রী ধর্ষিত হয়েছিলেন বলে জানিয়েছেন। ওই প্রতিবেদনে প্রেসিডেন্টের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা আধুনিক করার উদ্যোগে বিপুল ব্যয়ের সমালোচনা করা হয়েছে। রাষ্ট্রীয় ২৩ মিলিয়ন ডলার ব্যয়ে ওই নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয় বলে তাতে উল্লেখ করা হয়েছে। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নির্বাচনী প্রচার শেষে এক সংবাদ সম্মেলনে ওই প্রতিবেদনের সমালোচনা করে জুমা এ কথা জানান। নির্বাচনের আগে প্রকাশিত ওই দুর্নীতি প্রতিবেদন তার দল এএনসিকে ক্ষতিগ্রস্ত করবে বলে অভিযোগ করেন তিনি। —রয়টার্স দ. কোরিয়ার ডুবে যাওয়া ফেরির মালিক আটক দক্ষিণ কোরিয়া উপকূলে গত মাসে ৪৭৬ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া ফেরির মালিকানা প্রতিষ্ঠান মেরিটাইম কোম্পানির প্রধানকে বৃহস্পতিবার আটক করা হয়েছে। ওই ফেরি ডুবির ঘটনায় গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রাক্কালে তাকে আটক করা হলো। এই মর্মান্তিক ফেরি দুর্ঘটনায় প্রায় ৩শ’ জনের প্রাণহানি ঘটে। প্রসিকিউটররা জানান, চংঘায়িজিন মেরিন কোম্পানির প্রধান নির্বাহী কিম হ্যান-সিককে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। দিনের শেষ দিকে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে। সিনিয়র প্রসিকিউটর ইয়াং জুয়াং-জিন বলেন, কিমের বিরুদ্ধে গণহত্যা ও সমুদ্র-আইন লংঘনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। -এএফপি