উপজেলার দুর্গম চরগজারিয়া-তেলিরচরের দুর্ধর্ষ জলদস্যু শেকা বাহিনীর প্রধান শেখ ফরিদকে পুলিশ বুধবার গভীর রাতে আলেকজান্ডার বাজার থেকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ধর্ষ শেকা বাহিনী মেঘনা নদীর রামগতি-হাতিয়া চ্যানেল এবং শাহবাজপুর চ্যানেলে দীর্ঘদিন ধরে মাছ ধরার ট্রলারে ডাকাতি করছিল। ডাকাতি, খুন, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে রামগতি থানায় চারটি মামলা রয়েছে। ২০০৫ সালে তেলিরচরের চেয়ারম্যান বাজার এলাকায় তার বাহিনী কোস্টগার্ড ও বনরক্ষীদের উপর হামলা চালায় এবং কোস্টগার্ডের বন্দুক ছিনিয়ে নেয়। পরের দিন পরিত্যক্ত অবস্থায় পুলিশ তা উদ্ধার করে। ওই ঘটনায় বন্দুকযুদ্ধে দু’ব্যক্তি নিহত হন।
