বিশ্ব টেনিস ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডধারী সুইস তারকা রজার ফেদেরার নন বরং স্প্যানিশ বাঁহাতি রাফায়েল নাদালকেই বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক টেনিস গ্রেট আন্দ্রে আগাসী।
আধুনিক বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রায়ই এই ধরনের বিতর্ক উঠে কে কার থেকে সেরা। আর বেশিরভাগ সময়ই বিতর্ক শেষ হয় অমীমাংসিত অবস্থাতেই। তবে নাদালকে সেরা হিসাবে বেছে নেয়ার ক্ষেত্রে বেশি কিছু যুক্তিও দেখিয়েছেন আগাসী। পাশাপাশি বলেছেন, ফেদেরার আর নাদালের শ্রেষ্ঠত্বের মূল পার্থক্যটা গড়ে দিয়েছে পারিপার্শ্বিকতা। ফেদেরার যখন টেনিসের শীর্ষ পর্যায়ে নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠিত করেন তখন তাকে লড়তে হয়েছিল লেটন হিউয়িট, অ্যান্ডি রডিকদের সাথে। আর সেখানে নাদালকে লড়তে হয়েছে ফেদেরার, নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারেদের বিরুদ্ধে। যারা কিনা প্রত্যেকেই এযুগের সেরা হবার যোগ্যতা রাখেন। নাদাল-ফেদেরার-জোকোভিচ-মারে; কথিত এই বিগ ফোরের যুগে নাদাল নিজেকে সেরা হিসাবে প্রমাণ করেছেন বলে নিজের সেরা হিসাবে এই স্প্যানিয়ার্ডকেই বেছে নিচ্ছেন আগাসী। আটবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী আগাসী সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমসে দেয়া এক সাক্ষত্কারে বলেছেন, ‘আমি নাদালকেই এক নম্বরে রাখবো, আর ফেদেরারকে দুই নম্বরে। ফেদেরার চার বছর নিজেকে আলাদা করে প্রমাণ করেছিলেন। সে অ্যান্ডি রডিক এবং লেটন হিউইটের থেকে নিজেকে আলাদা করে পরিচিত করেছিলেন। আর নাদালকে টেনিসের স্বর্ণ যুগে ফেদেরার, নোভাক জকোভিচ, অ্যান্ডি মারেদের সাথে লড়াই করে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হয়েছে। সে যা পারে তা করে দেখিয়েছে এবং এবার আরো বেশি কিছু অর্জনের সুযোগ তার রয়েছে।’
আগাসীর দৃষ্টিতে এগিয়ে থাকলেও গ্র্যান্ড স্ল¬্যাম জয়ের রেকর্ডে অবশ্য ফেদেরার নাদালের তুলনায় বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। সুইস এই তারকার ঝুলিতে রয়েছে ১৭টি গ্র্যান্ড স্ল্যাম যা এখন পর্যন্ত রেকর্ড, আর বর্তমান র্যাংঙ্কিয়ের শীর্ষস্থান দখলকারী নাদালের রয়েছে ১৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অভিজ্ঞতা। গ্র্যান্ড স্ল্যামের বিচারে ফেদেরার এগিয়ে থাকলেও পরস্পর মুখোমুখিতায় কিন্তু এগিয়ে আছেন নাদালই। ক্লে কোর্টে শ্রেষ্ঠত্বের পাশাপাশি সব ধরনের কোর্ট মিলে র্যাংঙ্কিয়ের এই শীর্ষ তারকা ২৩-১০ ব্যবধানে এগিয়ে আছেন ফেদেরারের সাথে। রোলা গ্যারোতে এক গ্র্যান্ড স্ল্যামে আটবার শিরোপা জেতার পাশাপাশি আরেকটি বিরল রেকর্ডের সামনেও দাঁড়িয়ে আছেন নাদাল। আরেকবার অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারলে তৃতীয় খেলোয়াড় হিসেবে সবগুলো গ্র্যান্ড স্ল্যাম দু’বার জয়ের কৃতিত্ব অর্জন করবেন এই তারকা।
আগাসী বলেছেন, ‘সে ক্যারিয়ারে সবগুলো মেজর টুর্নামেন্ট একাধিকবার জয় করেছে। অস্ট্রেলিয়ান ওপেন ছাড়া অন্য গ্র্যান্ড স্ল্যামগুলোও একাধিকবার জেতার কৃতিত্ব দেখিয়েছে। সে যা করেছে তা আমার কাছে সত্যিই অসাধারণ এবং সে এগুলো করেছে যখন ফেদেরার তার চূড়ান্ত ফর্মে ছিল।’
আগাসী অবশ্য বলেছেন, সর্বকালের সেরা খেলোয়াড়ের তালিকায় অস্ট্রেলিয়ান রড লেভারকে বাদ দেননি। এক ক্যালেন্ডার বছরে দু’বার সবগুলো গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব রয়েছে সাবেক এই অসি গ্রেটের।
এদিকে, ইন্ডিয়ান প্রিমিয়ার টেনিস লিগের উদ্বোধনী আসরে সিঙ্গাপুর অংশে খেলবেন বলেও নিশ্চয়তা দিয়েছেন আগাসী। খ্রিস্টানদের ধর্মীয় উত্সব থ্যাংকসগিভিং এড়ানোর জন্য কয়েকদিন পিছিয়ে যাওয়া এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে। আগাসী বলেন, ‘আমার মনে হয় এটা ঘটতে যাচ্ছে। তবে এর উপর আমার কোন হাত নেই। তবে যদি সেটা (টুর্নামেন্টটি) শেষ পর্যন্ত কোর্টে গড়ায় তাহলে আমি অবশ্যই সেখানে থাকবো এবং খেলবো।’ বাসস
