রায়গঞ্জে বিরল প্রজাতির ভল্লুক উদ্ধার

আপডেট : ০৮ মে ২০১৪, ২২:৪৪
নগরীর বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা মেলাস্থ ‘দি পাপন এন্ড যমুনা সার্কাস’ প্যান্ডেল থেকে গতকাল বৃহস্পতিবার একটি বিপন্ন ও বিরল প্রজাতির কালো ভালুক উদ্ধার করেছেন। ভালুকটিকে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা শরিফুজ্জামান ও তারিক কবির এবং রায়গঞ্জ থানার ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে ভালুকটিকে উদ্ধার করা হয়। তবে এটিকে আটকে রাখার ব্যাপারে জড়িত ব্যক্তিরা কৌশলে সটকে পড়ে। তারিক কবির জানান, আইন অনুযায়ী লাইসেন্স বা অনুমতি ছাড়া বন্যপ্রাণী আটক রাখা, হত্যা, শিকার ও ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। প্রাণীটি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় আসার পর সেটিকে তার প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।