রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওলোজি বিভাগ থেকে একটি এমআরআই মেশিনের বৈদ্যুতিক তার চুরি হয়ে যাওয়ায় এক সপ্তাহ ধরে মেশিন বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার রোগীরা। এদিকে গত ৯দিন ধরে পানির জন্য হাহাকার পড়েছে হাসপাতালে। পানির অভাবে হাসপাতালের ১৬টি ওয়ার্ডে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ফলে ব্যবহারের অনপুযোগী হয়ে পড়েছে টয়লেটগুলো। রোগীদের বাইরের টিউবওয়েল থেকে পানি আনতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে দুইটি এমআরআই মেশিন রয়েছে। প্রতিদিন এই দুটি মেশিন থেকে ২০ জন রোগীর সেবা প্রদান করা হয়। যে এমআরআই মেশিনটির বৈদ্যুতিক তার চুরি হয়েছে সেটা থেকে ৮ জন করে রোগীর সেবা দেয়া হতো। তবে অপর মেশিনটি দিয়ে কোনোরকমে রোগীদের সেবা প্রদান করা হচ্ছে। হাসপাতালে এমআরআই করতে একজন রোগীর খরচ হয় ৩ হাজার টাকা। বাইরে করলে রোগীর খরচ হয় ৭ হাজার টাকা। হাসপাতালের রেডিওলোজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আলতাব হোসেন জানান, এ ব্যাপারে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে তিনি লিখিতভাবে জানিয়েছেন। এক কর্মকর্তা জানান, মাত্র ১০ হাজার টাকার জন্য মেশিনটি চালু করা যাচ্ছে না।
হাসপাতালে এমআরআই করতে আসা দিনাজপুরের আহাম্মেদ আলী জানান, তিনি ১০ দিন পর এমআরআই করার সিরিয়াল পেয়েছেন।
এদিকে গত ২৯ এপ্রিল হাসপাতাল চত্বরে মডেল ক্লিনিক সংলগ্ন গভীর নলকূপের মটরের ক্যাবল চুরি হয়। ওই দিন থেকে হাসপাতালের পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে মারাত্মক দুর্ভোগে পড়েছে রোগীরা।
