জেলার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজ হায়দার ভুঁইয়াকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে কিশোরগঞ্জে মিঠামইন উপজেলায় যোগদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে স্থানীয় উপজেলা অফিস সূত্রে জানা যায়। উপজেলা নির্বাহী অফিস সূত্রে আরো জানা যায়, বৈধ খারিজ বাতিলে সহায়তার অভিযোগে ইউএনও অফিসের সনদ সহকারী মো. কামাল হোসেন ও সহকারী ভূমি অফিসের স্টাফ সুন্দর আলীকেও স্ট্যান্ড রিলিজ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজ হায়দার ভুঁইয়া একটি বৈধ নামজারি জমিভাগ প্রভাবিত হয়ে বাতিল করা, নাবালিকার বিয়ে রেজিস্ট্রির অভিযোগে বিবাহের ম্যারেজ রেজিস্ট্রারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদানসহ ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগে বিভাগীয় কমিশনার গত ২৯ এপ্রিল তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় তাকে স্ট্যান্ড রিলিজ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, স্ট্যান্ড রিলিজের আদেশ পাওয়ার পর ইউএনও আজিজ হায়দার ভুঁইয়া গতকাল বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম ভুঁইয়ার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
