চলতি মাসের মাঝামাঝি থেকে যশোরের ১৮টি রুটে বাস, মিনিবাস, ট্রাকসহ সকল প্রকার পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যশোর জেলা সড়ক পরিবহন সমিতি। আগামী ১৪ মে’র মধ্যে মহাসড়ক থেকে নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক, থ্রি হুইলারসহ অন্যান্য অবৈধ যানবাহন চলাচল বন্ধ না করলে ১৫ মে থেকে এই ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সমিতির আরএন রোডস্থ বাস মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া সভায় গাড়ির চ্যাসিসসহ বিভিন্ন যন্ত্রাংশের উপর ভ্যাট, আয়কর কমানোর দাবি জানানো হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা সড়ক পরিবহন সমিতির সভাপতি ইকরামুল ইসলাম চৌধুরী ইকু। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলী আকবর, যশোর বাস মালিক সমিতির সহ-সভাপতি আবুল কাসেম, পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।
যশোর জেলা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর জানান, হাইকোর্টের রায় ও সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল করছে। কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসন শিগগিরই এসব অবৈধ যানবহন চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে থেকে ১৮ রুটে পরিবহন চলাচল বন্ধ করে দেয়া হবে।
