ইউক্রেনের আরো দুটি অঞ্চলে স্বাধীনতার গণভোট রবিবার

আপডেট : ০৮ মে ২০১৪, ২৩:১৩
পূর্ব ইউক্রেনের রুশপন্থি আন্দোলনকারীরা স্বাধীনতার প্রশ্নে পরিকল্পিত ১১ মে’র গণভোট পেছাবে না বলে জানিয়েছে। ক্রিমিয়ার মতো স্বাধীনতার জন্য তারা গণভোট আয়োজন করবে বলে ঘোষণা দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনার উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য রুশপন্থিদেরকে গণভোট পেছানোর আহ্বান জানানোর পরদিন এ সিদ্ধান্ত জানাল তারা। ভোট অনুষ্ঠানের জন্য এরই মধ্যে লাখ লাখ ব্যালট পেপারও তৈরি হয়ে রয়েছে। বিচ্ছিন্নতাবাদীদের স্বঘোষিত ডোনেস্ক গণপ্রজাতন্ত্রের নেতা ডেনিস পুশিলিন বৃহস্পতিবার বলেছেন, ‘গণপরিষদ সর্বসম্মতিক্রমে পরিকল্পনামাফিক গণভোট অনুষ্ঠানের পক্ষে ভোট দিয়েছে। গৃহযুদ্ধ তো শুরুই হয়ে গেছে। গণভোট করলে এর অবসান ঘটে একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরু হতে পারে।’ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পুতিন হয়ত চাইছেন রুশপন্থিরা গণভোট করুক। কিন্তু এ গণভোট তারা তার নির্দেশ না মেনেই করছে -উপরে উপরে এমনটিই হয়ত দেখাতে চাইছেন তিনি। এর মধ্য দিয়ে তিনি পশ্চিমাদের অপছন্দের প্রক্রিয়া থেকে নিজেকে দূরে রেখে নিষেধাজ্ঞাও এড়াতে পারবেন। ডোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা গণভোট করতে সংকল্পবদ্ধ হয়েছে। ওদিকে, ইউক্রেন কর্তৃপক্ষ বলছে, তারা গণভোটের ফল মেনে নেবে না এবং বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযানও থামাবে না।