একের পর এক অপহরণ, নিখোঁজ ও হত্যার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ৭২ ঘণ্টার ব্যবধানে গাজীপুরের টঙ্গী থেকে তিন ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার এক দিন পর নোয়াখালীর চাটখিল থেকে উদ্ধার করা হয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার এক স্বর্ণ ব্যবসায়ীর লাশ। রাজশাহীর বাঘা থেকে এক স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়েছে। পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজ হয়েছেন শিশুসহ এক মা ও এক কিশোরী। এছাড়া যশোরের চৌগাছার এক বিএনপি নেতার ছেলে গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে অপহরণের ২ ঘণ্টা পর এক স্কুল ছাত্রকে উদ্ধার করা হলেও সাভার পৌর এলাকা থেকে অপহূত শিশুটিকে ৩৫ দিনেও উদ্ধার করা যায় নি। খোঁজ মেলেনি রংপুরে নিখোঁজ বিএনপি নেতারও।
চাটখিলে মিললো ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ
চাটখিল ও রামগঞ্জ সংবাদদাতা জানান, রামগঞ্জ উপজেলার নাগমুদ গ্রাম থেকে নিখোঁজ ব্যবসায়ী শুভঙ্কর কুড়ির (৩০) বস্তাবন্দী লাশ গতকাল বৃহস্পতিবার দুপুরে চাটখিল উপজেলার দৌলতপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। নিহত শুভঙ্কর ভাদুর গ্রামের মাখন লাল কুড়ির পুত্র। উপজেলার নাগমুদ কচু বাজারের স্বর্ণ ব্যবসায়ী শুভঙ্কর বুধবার রাত ৮টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ফেরার সময় নিখোঁজ হন। গতকাল দুপুর ১২টার দিকে পথচারীরা রামগঞ্জ-চাটখিল মহাসড়কের দৌতলপুর নামক স্থানে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। বেলা ১টার দিকে স্থানীয় পুলিশ লাশটি উদ্ধার করে নোয়াখালী জেলা মর্গে পাঠায়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায় নি। নিহত ব্যবসায়ীর ভগ্নিপতি বিপ্লব লাশ শনাক্ত করেন।
বাঘায় স্কুল ছাত্রী অপহূত
বাঘা (রাজশাহী) সংবাদদাতা জানান, উপজেলায় তৃশা (১৫) নামের এক স্কুল ছাত্রীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সকালে উপজেলার মনিগ্রাম এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। তৃশা আটঘরি গ্রামের তোজাম্মেল হকের মেয়ে। এ ঘটনায় তার বাবা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে বাবু নামের এক যুবককে গ্রেফতার করে। অপহূতকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাঘা থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান।
টঙ্গীতে ৩ ব্যক্তি নিখোঁজ
টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা জানান, উপজেলার পৃথক স্থান থেকে নিখোঁজ ব্যক্তিরা হলেন- মিলগেট এলাকার একতা ট্রান্সপোর্টের ব্যবস্থাপক মো. জুন্নুন (৩৫), মরকুন পশ্চিমপাড়া সুলতান ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া মো. সুজন মিয়া (৩৩) ও বোর্ড বাজারের তাওহিদুল ইসলাম সাগর (১৯)। এসব ঘটনায় টঙ্গী মডেল থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। অপহরণে জড়িত একজনকে আটক করেছে পুলিশ।
একতা ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক মইন জানান, গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জুন্নুন উত্তরার এমসিসি ব্যাংক থেকে ৫ লাখ টাকা উত্তোলন করে টঙ্গী আসার পথে নিখোঁজ হন। তার মোবাইল বন্ধ রয়েছে।
একইদিন রাত ৯টায় স্থানীয় মরকুন টিএন্ডটি গেট এলাকা থেকে অটোরিকশা ব্যবসায়ী সুজনকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। এসময় তার কাছে নগদ ৩০ হাজার টাকা ছিল। তাদের কাছে বিভিন্ন মোবাইল ফোনের মাধ্যমে মোটা অংকের টাকা দাবি করা হচ্ছে বলে পরিবারের সদস্যরা জানান।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা থেকে টঙ্গী আসার পথে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ হন সাগর। মুক্তিপণ হিসেবে অপহরণকারীরা ১ লাখ টাকা দাবি করেছে বলে জানিয়েছেন তার স্বজনরা।
এদিকে টঙ্গীতে গত দেড় সপ্তাহে ৬ জন নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন জানান, অভিযোগগুলোর তদন্ত চলছে। সাগর অপহরণের সাথে জড়িত সন্দেহে বোর্ড বাজারের ইমতিয়াজ সুয়েটার কারখানার মালিক ইকবাল হোসেন হীরুকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ভাঙ্গুড়ায় শিশুসহ এক মা ও কিশোরী নিখোঁজ
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা জানান, পৌরসভার উত্তর মেন্দা গ্রাম থেকে শিশুসহ এক মা ও এক কিশোরী নিখোঁজের ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। এরা হলেন মো. শামসুর রহমানের মেয়ে শান্তনা খাতুন (১৯),তার শিশুপুত্র হাবীবুল্লাহ(২) ও প্রতিবেশি আনছার আলীর কিশোরী কন্যা নাইমা খাতুন (১৪)। গত সোমবার সকাল দশটায় তারা একসঙ্গে উপজেলা হাসপাতালে যাবার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি।
শান্তনার পিতা শামসুর রহমান জানান, তাদের অপহরণ করা হয়েছে। তিনি আশংকা করছেন অপহরণকারীরা তাদের হত্যা করে কিডনি পাচার করতে পারে। এ ব্যাপারে গত মঙ্গল ও বুধবার ভাঙ্গুড়া থানায় শামসুর রহমান ও আনছার আলী পৃথক দুইটি জিডি করেছেন। তবে ঘটনার চারদিন অতিবাহিত হলেও অপহূতদের কোন সন্ধান মেলেনি। পুলিশ অভিযুক্ত কাউকে গ্রেফতার করতেও পারেনি।
ভাঙ্গুড়া থানার ওসি মিজানুর রহমান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই অপহূতদের উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চৌগাছায় বিএনপি নেতার পুত্র নিখোঁজ!
চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, সোহেল আহমেদ রনি (২৫) নামের এক যুবক দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন। সে চৌগাছা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দীনের ছেলে। রনি চৌগাছার ডিভাইন কোম্পানিতে চাকরি করেন। বুধবার সন্ধ্যায় চৌগাছা বাজার থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে পৌরসভার প্রেম রোড থেকে অপহরণ করে বলে তার পিতা দাবি করেছেন। এ ব্যাপারে রনির পিতা চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন।
তবে চৌগাছা থানার ওসি বলছেন, তার পরিবার থেকে জানা গেছে রনি বাড়ি থেকে কাউকে না জানিয়ে এর আগেও চলে গেছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে জনির চাচাত ভাই চৌগাছা পৌরসভার প্যানেল মেয়র কামাল আহমেদ জানিয়েছেন, রনি এর আগে বাড়ি থেকে দু’বার আত্মগোপনে গেলেও এবার মনে হচ্ছে তাকে অপহরণ করা হয়েছে।
শাহজাদপুরে অপহরণের দুই ঘন্টা পর উদ্ধার
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, প্রকাশ্য দিবালোকে অপহূত স্কুলছাত্র সুজনকে ২ ঘন্টা পর অজ্ঞান অবস্থায় উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রাম থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে গ্রামবাসী। গত সোমবার এ ঘটনা ঘটে। সুজন বেলতৈল ইউনিয়নের কুঠির সাতবাড়িয়া গ্রামের আব্দুল মতিনের পুত্র ও সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। তবে কি কারণে তাকে অপহরণ করা হয়েছিল তা জানা যায়নি। এ ঘটনায় এলাকায় অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছে।
উদ্ধার হয়নি সাভারের শিশু শিখা
সাভার থেকে ইত্তেফাক রিপোর্টার জানান, গত ৩ এপ্রিল পৌরসভার স্মরণিকা এলাকা থেকে অপহূত শিশু শিখাকে (১১) গত ৩৫ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। শিখা ডগরমোড়া মহল্লার নিউ লাইফ মডেল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় গত সোমবার রাতে শিখার পিতা কালু মিয়া বাদি হয়ে সাভার মডেল থানায় মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রুমন ওরফে সোহেল এবং তার মামাশ্বশুর নূর নবী ওরফে গেন্দাকে আটক করেছে পুলিশ। তবে মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জামাল হোসেন।
রংপুরে নিখোঁজ বিএনপি নেতার সন্ধান মিলেনি
রংপুর প্রতিনিধি জানান, স্থানীয় মমিনপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নিখোঁজ রেজওয়ানুল হকের খোঁজ গত ৩ দিনেও পাওয়া যায়নি। এ নিয়ে তার পরিবারের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। মঙ্গলবার সকালে তিনি নিখোঁজ হন। এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, এ বিষয়ে একটি স্পেশাল টিম কাজ করছে। কিছু আলামত উদ্ধার হয়েছে। দু-একদিনের মধ্যে প্রকৃত ঘটনা জানা যাবে।
গুমের প্রতিবাদে ছাতকে মানববন্ধন
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, যুক্তরাজ্য যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবুর রহমান মুজিব গুমের ঘটনায় বুধবার বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি। এতে অংশগ্রহণকারীরা নিখোঁজ নেতার সন্ধান দাবি করেন।
