ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী অভিযোগ করেছেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী ভোট পাবার জন্য ‘নিম্নমানের রাজনীতি’ করছেন। কন্যা প্রিয়াঙ্কা গান্ধীও কয়েকদিন আগে মোদীর বিরুদ্ধে একই অভিযোগ করেছিলেন। গতকাল বৃহস্পতিবার উত্তরপ্রদেশে এক জনসভায় কংগ্রেস সভানেত্রী বলেন, ‘যারা নীচু চিন্তা ভাবনা করেন, তারাই জাতপাতের রাজনীতি করেন। তাদের চিন্তাভাবনাই ভারতের সমপ্রীতিকে নষ্ট করছে। ক্ষমতা পাওয়ার জন্য যে কোনও পর্যায়ে নেমে যেতে পারেন তারা।’ সোনিয়া আরো বলেন, কেবল ভোটের জেতার জন্য এজাতীয় নোংরামির চেয়ে বড় পাপ আর কিছু হয় না।’ তিনি বলেন, রাজীব গান্ধীকে অপমান করেছেন মোদী। তিনি রাজীব গান্ধীকে টানতে গেলেন কেন। এটা স্রেফ নিম্নমানের রাজনীতি। ভোট পেতে ধর্মীয় উসকানি দিচ্ছেন সুক্ষ্মভাবে। যদি তিনি ভারতের মঙ্গল চান তবে যেন রাজনীতিকে কলুষিত করার চেষ্টা না করেন। ভারতের রাজনীতি এখনো সুস্থ ধারা ধরে রাখতে পেরেছে বলে সোনিয়া মন্তব্য করেন।
উল্লেখ্য, কয়েকদিন আগেই ‘নিচু রাজনীতি’ করার অভিযোগে মোদীকে কাঠগড়ায় তুলে কঠোর সমালোচনা করেছিলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার সেই মন্তব্য ভারতের মিডিয়াতে ঝড় তোলে। জবাবে মোদী বলেছিলেন, তিনি নিচু জাতের মানুষ। কিন্তু নিচু মানের রাজনীতি করেন না।
