মোদীকে সভা করতে না দেয়ায় উত্তাল বেনারস

আপডেট : ০৮ মে ২০১৪, ২৩:১৬
মোদীকে নির্বাচনী জনসভা করতে না দেওয়া নিয়ে বেনারস উত্তাল। সেই নিয়ে সারাদেশ জুড়ে বিতর্ক চলছে। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কেজরিওয়াল জানিয়েছেন মোদীকে ‘গঙ্গা আরতি’-এর জন্য অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু মোদী বিষয়টিকে রাজনৈতিক ফায়দা তোলার কাজে লাগাচ্ছেন। পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদীর কটাক্ষ, আক্রমণ ও মমতা ব্যানার্জির পাল্টা বিষোদগার নিয়ে ক্রমশ চড়ছে বিজেপি, তৃণমূল বিরোধের পারদ। বৃহস্পতিবার তার আঁচ পড়ল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সামনে। সংঘর্ষে জড়িয়ে পড়ল দু’দল। বেনারসে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে সভার অনুমতি না দেওয়ার ইস্যুতে ধরনা-বিক্ষোভ চলছিল বিজেপি কর্মী-সমর্থকদের। বিক্ষোভে শামিল হন অরুণ জেটলি, অমিত শাহসহ দলের রাজ্য নেতা-কর্মীরা। সেই সময় ওখানে প্রচার করছিলেন বারাণসীর তৃণমূল প্রার্থী ইন্দ্র তিওয়ারি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিওয়ারির মিছিল বিজেপির বিক্ষোভস্থলের পাশ দিয়ে যাচ্ছিল। কিছু বিজেপি কর্মী তিওয়ারির হাতে তাদের প্রচার পুস্তিকা দিতে গেলে তিনি সেগুলি ছিঁড়ে ফেলেন। তা থেকেই কথাকাটাকাটি হয়। বচসা থেকে হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তৃণমূলের অভিযোগ, তাদের কর্মী-সমর্থকদের মারধর করেছে বিজেপির লোকজন।