নারায়ণগঞ্জ থেকে কক্সবাজারে বেড়াতে এসে অপহরণকারীদের কবলে পড়া ইমরান (১৮) ও দেলোয়ার হোসেন (১৯) নামের দুই যুবককে গতকাল বৃহস্পতিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের প্রায় ১২ দিন পর শহরের কলাতলীস্থ একটি কটেজ থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে ওই কটেজের পরিচালকসহ দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন রঙধনু কটেজের পরিচালক ও খুলনা ফুলতলা এলাকার বাসিন্দা কায়েসুজ্জামান পিকলু এবং কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকার বাসিন্দা সিকান্দর আবু জাফর। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, ইমরান ও দেলোয়ার হোসেন নামের দুই বন্ধু গত ২৬ এপ্রিল নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে কক্সবাজারে বেড়াতে আসে। তারা ওঠে কলাতলীর রঙধনু কটেজে। এ সময় তারা অপহরণকারী চক্রের কবলে পড়ে। অপহরণকারীরা ওই কটেজে দুই যুবককে আটকে রেখে তাদের আত্মীয়-স্বজনের কাছে মুক্তিপণ দাবি করে। পুলিশ ঘটনাটি অবহিত হওয়ার পর অনুসন্ধান ও অভিযান চালিয়ে দুই যুবককে উদ্ধার করে।
