সিলেটের মাঠে মাঠে এখন চোখ ধাঁধানো সোনালি ধান। আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরূপ বোরোর ফলন হয়েছে এবার। কৃষকের চোখে-মুখে খুশির ঝিলিক। কৃষি বিভাগ জানায়, সিলেট অঞ্চলে ইতোমধ্যে ৫১ ভাগ বোরো কাটা হয়েছে। আবহাওয়া ঠিক থাকলে কিছুদিনের মধ্যে সব ধান ঘরে উঠবে। চলতি মৌসুমে সিলেটের চার জেলায় ৪ লক্ষ ৩৫ হাজার ৩১১ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল। উত্পাদন লক্ষ্যমাত্রা ১৬ লক্ষ ৯১ মে. টন চাল। কর্মকর্তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় আরো ৪ ভাগ বেশি জমিতে চাষাবাদ হয়েছে এবং উত্পাদনও বাড়বে। সিলেট অঞ্চলের প্রধান ফসল বোরো। খুব কম পরিমাণ জমিতে আমনের ফলন হয়ে থাকে।
বৈশাখী এ ফসল নিয়ে এ অঞ্চলের দুর্ভাবনা আদিকাল থেকে। তাই কৃষি বিজ্ঞানীদের ভাবনাই ছিল কিভাবে বন্যা ও বৈশাখী ঝড় শুরুর আগেই ফসলটি ঘরে তোলা যায়। উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রকৃতি নির্ভর এ ফসলটি বছর বছর অকাল বন্যার হাত থেকে রক্ষা করে দেশের মানুষের ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন ২০০৫ সাল থেকে আগাম বন্যামুক্ত ধান নির্বাচন এবং প্রচলনের জন্য বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিএডিসি এর সাথে কাজ করে। এ জাতের ধান উদ্ভাবনে তারা সফল জানিয়ে আশাবাদ ব্যক্ত করে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশে প্রোগ্রাম অফিসার জাহিদ হাসান বলেন, অল্পদিনের মধ্যেই হাওরে ব্যাপকভাবে এর চাষাবাদ শুরু হবে।
গত ১৯ এপ্রিল মহাসমারোহে সহস্রাধিক কৃষান-কৃষাণীর উপস্থিতিতে সুনামগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নে আগাম বন্যামুক্ত উফশী ধান কাটা কর্মসূচির উদ্বোধন হয়। কৃষকরা জানান, ব্রি-ধান ৪৫ ও ব্রি-ধান ২৮ আগাম বন্যামুক্ত হওয়ায় হাওরে এ জাতের ধানের চাষাবাদ অনেকটাই নিরাপদ। বন্যা আসার আগেই এ জাতের ধান কাটা হয়। তাই অকাল বন্যা নিয়ে কৃষকদের চিন্তিত থাকতে হয় না। হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন জানান, বোরো ধান সুনামগঞ্জের অর্থনৈতিক মেরুদণ্ড। কিন্তু প্রায়ই আগাম বন্যায় এই ফসল পানিতে তলিয়ে যায়। নতুন জাতের ধান উদ্ভাবনের ফলে এখন থেকে কৃষকের শংকা দূর হবে।
উল্লেখ্য, এ বছর সুনামগঞ্জে প্রায় দুই লক্ষ ১৬ হাজার ৬৪৮ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮.৫ লক্ষ মে.টন চাল। এর মধ্যে ব্রি-ধান ২৮ চাষ হয়েছে প্রায় ৯৩ হাজার ১৫৮ হেক্টর জমিতে এবং ব্রি-ধান ৪৫ চাষ হয়েছে সাত হাজার ৬শ’ হেক্টর জমিতে।
