কাপাসিয়া উপজেলার ভাকোয়াদী গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী মাহিদা খাতুনকে বন্দিদশা থেকে মুক্ত করেছেন গাজীপুর পুলিশ সুপার। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার মো: আব্দুল বাতেন ভাকোয়াদী গ্রামে সরেজমিনে গিয়ে মাহিদা খাতুনের পরিবার, গ্রামবাসী ও অভিযুক্ত মজিবুর রহমানের সাথে বৈঠকে বসেন। এসময় তিনি উভয় পক্ষের অভিযোগ শোনেন। অভিযোগ শোনার পর স্থানীয় কাপাসিয়া থানার পুলিশ প্রশাসন ও চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যানকে মাহিদা খাতুনের স্বাভাবিক জীবনযাত্রা নির্বাহের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এসময় তিনি মাহিদার গৃহবন্দি অবস্থা পরিদর্শন করে দ্রুততম সময়ে রান্নাঘর, পানির কল ও শৌচাগার নির্মাণের নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন সার্কেল এএসপি শাহরিয়ার আল মামুন, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লা ও চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব আলী ভুঁইয়া।
এসময় পুলিশ সুপার আব্দুল বাতেন সাংবাদিকদের জানান, এখানে ওয়ারিশদারদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে তাই বিবাদী ওয়ারিশদারদের কোর্টের রায় নিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাহিদা তার পাঁচ বিঘা জমি স্বাভাবিকভাবে ভোগ দখল করবেন। গত ৩১ মার্চ দৈনিক ইত্তেফাকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কাপাসিয়ার ভাকোয়াদী গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী মাহিদা খাতুনের বন্দিদশা নিয়ে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
