ইরান ও ছয় বিশ্বশক্তি তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আরো “কার্যকর” আলোচনা করেছে বলে ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে ইরানের ভবিষ্যত্ পরমাণু সামর্থ্য নিয়ে দু’পক্ষের মধ্যে এখনও গভীর মতভেদ রয়ে গেছে বলে জানিয়েছেন এক পশ্চিমা কূটনীতিক। ৬-৭ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দু’দিনব্যাপী ওই বৈঠক শেষে বুধবার ওই ঘোষণা দেন ইইউর মুখপাত্র। এই আলোচনায় এক পক্ষে ইরানি প্রতিনিধিরা ও অন্যপক্ষে ছয় বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, চীন ও রাশিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে দশক ধরে বিতর্ক চলে আসা তেহরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষার ব্যাপারে ইরান ঘোষিত ২০ জুলাইয়ের মধ্যে একটি দীর্ঘ মেয়াদি চুক্তি সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর ইইউ মুখপাত্র বলেন, “নিউইয়র্কে ছয় বিশ্বশক্তি ও ইরানি কারিগরি বিশেষজ্ঞদের মধ্যে একটি কার্যকরী আলোচনা হয়েছে।”
