ক্লোসার সামনে রেকর্ডের হাতছানি

আপডেট : ০৯ মে ২০১৪, ২১:৫৯
স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা ব্রাজিলগামী জার্মান দলে নির্বাচিত হওয়ায় এবারের আসরেই হয়ে যেতে পারেন বিশ্বকাপের চূড়ান্ত পর্বের সর্বাধিক গোলদাতা। ব্রাজিলে ১২ জুন বিশ্বকাপটি শুরু হবে। ক্লোসার এটি হতে যাচ্ছে চতুর্থবারের মতো চূড়ান্ত পর্বে খেলা। জার্মান কোচ জোয়াকিম লোয়ে তাকে দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপটির জন্য ৩০ সদস্যের প্রাথমিক দলে রেখেছেন। কিন্তু ব্রাজিলে যেতে হলে তাকে ২৩ সদস্যের চূড়ান্ত দলে ঠাঁই পেতে হবে। ধারণা করা যায়, বর্তমানে ল্যাজিওর হয়ে সিরিএতে খেলা জার্মান সে যোগ্যতা অর্জন করবেন। রেকর্ডটি গড়তে হলে ৩৫ বছর বয়সী ক্লোসাকে বিশ্বকাপে গিয়ে দুই গোল করতে হবে। তবেই তিনি ভাঙ্গতে পারবেন ১৫টি গোল করে এখনো এ তালিকার শীর্ষে থাকা ব্রাজিলিয় রোনাল্ডোর রেকর্ডটি। আগের তিনটি বিশ্বকাপে ১৪ গোল দিয়ে ক্লোসা সর্বকালের হিসেবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের গোলদাতাদের তালিকায় কিংবদন্তি জার্ড মুলারের সাথে দ্বিতীয় স্থানে রয়েছেন। তাছাড়া মুলারের সাথে সমান ৬৮ গোলের সুবাদে ক্লোসা হলেন জার্মানির হয়ে যুগ্ম সর্বাধিক গোলদাতা। কোচ লোয়ে দল ঘোষণার পর তার সম্পর্কে বলেন, ‘মিরো (ক্লোসা) টুর্নামেন্ট চলাকালে সবসময়ই সেরা ফর্মে থাকেন। এটা নিশ্চিতভাবেই হবে তার শেষ বিশ্বকাপ।’ ল্যাজিও স্ট্রাইকারটি ২০০২ ও ২০০৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পাঁচটি করে গোল দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ সালের আসরটিতে করেছিলেন চার গোল। গেলবারের এই আসরে জার্মানি সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। ইতালির ল্যাজিওর হয়ে চলতি মৌসুমে তিনি ২২টির বেশি ম্যাচ খেলতে পারেননি। তবে এর মধ্যেই সাতটি গোল করেছেন। জার্মান কোচ আশা করেন, বিশ্বকাপের সময় নজর কাড়বেন ক্লোসা,‘সম্প্রতি সে ইনজুরিতে ছিল। তারপরও আমরা আশ্বস্ত যে, সে দলকে সাহায্য করতে পারবে।’ অভিজ্ঞ ফরোয়ার্ডটি সম্প্রতি ল্যাজিও হয়ে খেলার সময় ইনজুরিতে পড়ায় মাঝে তার বিশ্বকাপ খেলা নিয়ে শংকা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য এ শংকা কাটিয়ে তিনি জার্মান দলেই ফিরলেন। পোলিশ বংশোদ্ভূত স্ট্রাইকারটি ২০১১ সালে তিন বছরের চুক্তিতে জার্মানির বুন্দেশলিগা ছেড়ে ইতালির ক্লাবটিতে যোগ দেন। এর মধ্যে গত সপ্তাহে ক্লাবটির হয়ে এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানো ক্লোসা গেল বছর জানিয়েছিলেন ব্রাজিল বিশ্বকাপ শেষে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। তার আগে জাতীয় দল ও বিশ্বকাপের সর্বাধিক গোলদাতা হওয়ার রেকর্ড দুটি নতুন করে গড়তে চান তিনি।