দিশা ও আশরাফুজ্জামান হলেন দেশের দ্রুততম বালক-বালিকা

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:১৫
বিকেএসপি’র দিশা সুলতানা ও আশরাফুজ্জামান দেশের সবচাইতে দ্রুততম বালক ও বালিকার খেতাব জিতলেন। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ওয়ালটন এয়ার কন্ডিশনার ৩০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দুজনে এ কৃতিত্ব দেখান। তাদের এ নৈপুণ্যে প্রথম দিন শেষে বিকেএসপিই প্রাধান্য দেখায়। বিকেএসপি পাঁচটি স্বর্ণ ও তিনটি রৌপ্য পদক পায়। অপরদিকে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ জেতে। এছাড়াও খুলনা জেলা ক্রীড়া সংস্থা একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা একটি স্বর্ণ জয় করে। দিশা বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টে ১৩.২০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। ১৩.৭০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন গাইবান্ধার আয়শা আক্তার। অপরদিকে ১৩.৫২ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন বিকেএসপি’র তানজিলা আক্তার। আশরাফুজ্জামান বালকদের ১০০ মিটার স্প্রিন্টে ১০.৭০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। ১১.৩০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন বিকেএসপির ইরফান। অপরদিকে ১১.৪০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন নোয়াখালীর সুলতান সানজিদ। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে অপর ইভেন্টগুলোর ফল: কিশোরীদের ২০০মিটার স্প্রিন্টে ২৬.৮০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন বিকেএসপি’র তামান্না আক্তার। ২৮.৬৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন খুলনার সাবিহা আল সোহরা। আর ২৮.৭০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন নড়াইল জেলার বন্যা খাতুন। বালকদের হাইজাম্প ইভেন্টে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার আশরাফুল হক ১.৭২ মিটার লাফিয়ে স্বর্ণ পদক জেতেন। রৌপ্য পান খুলনা জেলা ক্রীড়া সংস্থার ইবাদ আলী। তিনি অতিক্রম হন ১.৭০ মিটার। এবং ১.৬২ মিটার উচ্চতায় লাফিয়ে ব্রোঞ্জপদক পান শরিয়তপুরের হাবিবুর রহমান। বালিকাদের শটপুটে ৮.৮০ মিটার থ্রো করে স্বর্ণ পান বিকেএসপি’র তাহমিনা আক্তার। রৌপ্য পদক পান ৭.৬৬ মিটার থ্রো করা একই প্রতিষ্ঠানের লাবণী আক্তার। নোয়াখালীর জোবায়দা নূর ৭.৬১ মিটার থ্রো করে পান ব্রোঞ্জপদক। কিশোরীদের জ্যাবলিন থ্রো’তে ৩২.০৫ মিটার থ্রো করে স্বর্ণ পদক জিতে নেন খুলনার সুলতানা রাজিয়া। রৌপ্য পান ২৮.৯৭ মিটার থ্রো করা নড়াইল জেলার কিমি কর্মকার। অপরদিকে ২৮.৬৬ মিটার থ্রো করে ব্রোঞ্জ পদক পান কুষ্টিয়া জেলার তৃষ্ণা খাতুন। কিশোর শটপুট ইভেন্টে ১৩.৫৪ মিটার থ্রো করে স্বর্ণ পান নোয়াখালীর মো: ইব্রাহিম। রৌপ্য পাওয়া নাটোরের হাসানুর জামান থ্রো করেছেন ১১.৮৯ মিটার। আর ব্রোঞ্জ জয়ী খুলনার ইমরান থ্রো করেছেন ১১.৪৭ মিটার। বালিকা হাইজাম্প ইভেন্টে বিকেএসপি’র স্মৃতি খাতুন ১.৩৩ মিটার উচ্চতায় লাফিয়ে জেতেন স্বর্ণ পদক। রৌপ্য পান নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাদিয়া ইসলাম। তিনি ১.৩০ মিটার উচ্চতায় লাফান। ১.২৫ মিটার উচ্চতায় উঠে ব্রোঞ্জপদক পান চট্টগ্রামের আশা খাতুন। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব বাদল রায়। এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের এডিশনাল ডিরেক্টর ও হেড অফ দ্য গেমস এন্ড স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম চেঙ্গিস, সহসভাপতি মো: শাহ আলম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো: ইয়াহিয়াসহ অন্যরা।