আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে সাবেক অলরাউন্ডার ক্রেইগ ম্যাকমিলানকে দলের ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) হেড অব ক্রিকেট লিন্ডসে ক্রোকার বলেন, ‘দেশ এবং দেশের বাইরে থেকে অনেক বিখ্যাত ব্যক্তি আবেদন করেছিলেন। কিন্তু সব মিলিয়ে আমাদের মনে হয়েছে এ পদে ম্যাকমিলানই সবচেয়ে উপযুক্ত। নিজে একজন সাবেক খেলোয়াড় ছাড়াও ক্রেইগ ক্যান্টারবুরি ক্রিকেটের সঙ্গে কাজ করেছে এবং ব্ল্যাক ক্যাপদের ক্যাম্পে কিছুদিন কাজ করেছে। ‘এসব কাজের কারণে ওয়েস্ট ইন্ডিজগামী দল ও যারা দেশে থাকবেন; দুই দলের বিষয়েই তার জ্ঞানের পরিধিও বেড়েছে। এই বিষয়গুলোই তাকে অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রেখেছে।’আগামী ৮ জুন থেকে ৬ জুলাই জ্যামাইকা, ত্রিনিদাদ এবং গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ ও কিউই দল তিন টেস্টের সিরিজে এবং ডোমিনিকায় দু’টি টি-২০ ম্যাচে মুখোমুখি হবে। ম্যাকমিলান ১৯৯৯ থেকে সেপ্টেম্বর ২০০৭ পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ৫৫ টেস্ট, ১৯৭ ওয়ানডে এবং আটটি টি-২০ খেলেছেন এবং তার পর থেকেই জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসাবে কাজ করছেন।
