ঢাকা মেডিক্যালের বহির্বিভাগ থেকে ককটেল উদ্ধার

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:৪৪
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের পাশ থেকে শুক্রবার সন্ধ্যায় একটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এতে হাসপাতালের রোগী ও চিকিত্সকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শাহবাগ থানা পুলিশের একটি টিম ককটেলটি উদ্ধার করে। ঢামেক সূত্রে জানা গেছে, বহির্বিভাগ এলাকায় এক পথচারী ককটেলটি দেখতে পেয়ে নিরাপত্তাকর্মীদের জানান। নিরাপত্তাকর্মীরা ঢামেক পুলিশ ক্যাম্পকে জানালে ক্যাম্পের ইনচার্জ এসআই মোজাম্মেল হক ঘটনাস্থলে গিয়ে শাহবাগ থানায় ককটেলের বিষয়টি জানান। এরপর শাহবাগ থানা পুলিশ ককটেলটি উদ্ধার করে। পুলিশের ধারণা, গত মঙ্গলবার ঢাকা মেডিক্যালে ইন্টার্নি চিকিত্সক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় এই ককটেলটি ছুঁড়ে মারা হয়েছিল। কিন্তু সেটি বিস্ফোরিত না হয়ে বহির্বিভাগের পাশে পড়ে থাকে।