রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সত্যজিত্ রায়ের ছবি অবলম্বনে ফ্যাশন হাউজ ‘সাদাকালো’ এনেছে ‘সত্যজিতের রবীন্দ্রনাথ’ শীর্ষক পোশাক কালেকশন। টি-শার্ট, শাড়িসহ বিভিন্ন পোশাকে তারা ব্যবহার করেছে সেইসব ছবি। এসব পোশাক নিয়ে গতকাল ধানমন্ডির অঁলিয়স ফ্রঁসেজে শুরু হয়েছে দু’দিনব্যাপী এই প্রদর্শনী। মূলত রবীন্দ্র জয়ন্তী এবং মা দিবস উপলক্ষে সাদাকালো ‘সারাবেলা সত্যজিতের রবীন্দ্রনাথ’ শীর্ষক এ আয়োজনে প্রদর্শনী ছাড়াও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার সকালে পোশাক প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী সমরজিত্ রায় চৌধুরী, শিল্পী মনিরুল ইসলাম, শিল্পী হামিদুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পি আবুল বারাক আলভী ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রনজিত্ কুমার বিশ্বাস। সন্ধ্যায় ছিল সত্যজিত-চলচ্চিত্রে ব্যবহূত রবীন্দ্রনাথের গানগুলো নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিল্পী লিলি ইসলাম। সঙ্গীত পরিবেশন করেন বুলবুল ইসলাম, মামুন জাহিদ, অনিমায় রায়, শারমিন সাথি ময়না, জয়িতা, সেমন্তি মঞ্জুরি, নির্ঝর, অভিক, আশিক, গুঞ্জন, সুস্মিতা মন্ডল, এ্যানি রিয়াজ, সাবরিনা খান তন্দ্রা ও ফালগুনি বসাক মিতু।
আজ শনিবার দ্বিতীয় দিনে বিশ্ব মা দিবসকে উপলক্ষ করে রয়েছে মায়ের গল্প, কবির কণ্ঠে মায়ের কবিতা এবং মা’কে নিয়ে কবিতার আবৃত্তি অনুষ্ঠান। মাকে নিয়ে গল্প বলবেন জাহিদ রেজা নূর, কবি কণ্ঠে কবিতা পড়বেন কবি হেলাল হাফিজ এবং আবৃত্তি করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাস্বর বন্দোপাধ্যায়, লায়লা আফরোজ, শিমুল মুস্তাফা, হাসান আরিফ, মাহিদুল ইসলাম, ঝর্ণা সরকার এবং অনন্যা লাবণি পুতুল।
শহীদ মুনীর চৌধুরী স্মরণে নাট্যোত্সব : আধুনিক বাংলা নাটকের অন্যতম রূপকার শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী। এ গুণী নাট্যকার স্মরণে শিল্পকলা একাডেমি আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যোত্সব। এতে মঞ্চস্থ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ প্রযোজিত নতুন ৫টি নাটক। গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শুরু হয়েছে এ উত্সব। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আইটিআই বিশ্বসভাপতি রামেন্দু মজুমদার, নাট্যজন আতাউর রহমান, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার ও সারা যাকের। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
শুক্রবার উদ্বোধনী দিনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশনা ‘মানুষ’ নাটকটি। আজ শনিবার একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক ‘এক তলা দোতলা’।
বজলুর রহমান ভাইয়া পদকে মনোনীত হলেন চার গুণী : সাংস্কৃতিক সংগঠন খেলাঘর প্রবর্তিত বজলুর রহমান ভাইয়া পদকে মনোনীত হলেন দেশের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের চার গুণী। তারা হলেন অর্থনীতিতে ড. আবুল বারকাত, পদার্থে অজয় রায়, শিশুসাহিত্যে আখতার হুসেন ও সংগঠনে এডলিন মালাকার। শুক্রবার বিকালে শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে খেলাঘরের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার।
শিল্পী নন্দিতা ইয়াসমিনের অডিও সিডি : প্রকাশিত হয়েছে শিল্পী নন্দিতা ইয়াসমিনের কণ্ঠে ধারণকৃত রবীন্দ্রনাথের গানের অ্যালবাম ‘ছন্দোবন্ধনে’। অ্যালবামটি প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এর মোড়ক উন্মোচন ও সিডি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন। মোড়ক উন্মোচন করেন ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী। অনুষ্ঠানে শিল্পী তার এলবামে স্থান পাওয়া গানগুলো থেকে বেশ কয়েকটি গান শোনান।
গাজী নাফিস আহমেদের আলোকচিত্র প্রদর্শনী : বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্ ‘ইন্টারন্যাশনাল ডে অ্যাগেইনস্ট হোমোফোবিয়া অ্যান্ড ট্রান্সফোবিয়া’ উদযাপন উপলক্ষে বন্ধু সোশাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় আয়োজন করেছে আলোকচিত্রী গাজী নাফিস আহমেদের ‘সহজাত সত্য’ শিরোনামে আট দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী। আজ শনিবার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শুরু হচ্ছে এ প্রদর্শনী।
সন্ধ্যা সাড়ে ৬ টায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আট দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গেরবেন শোর্দ দ্য ইয়ং। বিশেষ অতিথি থাকবেন ইউএনএইডসের কান্ট্রি কো-অর্ডিনেটর লিও কেনি এবং সেভেন ফটো এজেন্সির প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল জিওগ্রাফিকের আলোকচিত্রী মি. জন স্ট্যানমেয়ার। উল্লেখ্য, স্ট্যানমেয়ার দূর-সংযোগে অংশগ্রহণ করবেন।
