মোদীর নামে রুটি তাই..

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:৪৯
কোনো দেশে কেউ জনপ্রিয় হলে তার নাম কিংবা ছবি ব্যবহার করে অনেক ব্যবসায়ী মুনাফা করতে পারে। ঠিক তেমনি করেছিল ভারতের পবিত্র শহর বেনারসের রাস্তার পাশের একটি হোটেল মালিক। হোটেলটির মালিক বর্তমানের লোকসভা নির্বাচনী প্রচারণায় ‘গণমাধ্যমে’ জনপ্রিয় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর নামে এবং দলটির প্রতীক পদ্মফুলের ছবি দিয়ে রুটি বানিয়ে সেই চেষ্টাটিই করেছিল! ‘ন মো (নরেন্দ্র মোদী)’ নামের রুটি বানিয়ে অনেকদিন ধরেই ব্যবসা করছিলেন হোটেল মালিক। কিন্তু তার সেই আশা পূরণ হয়নি। পুলিশ হোটেলটি বন্ধ করে দিয়েছে। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, একটি গোষ্ঠী হোটেলটির এই কার্যক্রমের প্রতিবাদ জানিয়েছিল এবং অভিযোগ জানিয়েছে। তারা মনে করছেন এটা একটা ‘ছদ্মবেশী’ নির্বাচনী প্রচারণা। তবে বিজেপি নেতা এবং মোদীর ঘনিষ্ঠজন অমিত শাহ বলেছেন, পুলিশ রুটি থেকে মোদীর নাম মুছে দিতে হোটেলটি বন্ধ করলেও মানুষের মন থেকে মুছে দিতে পারবেন না। তবে হোটেলটির মালিক এ নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি। নির্বাচনী জ্বরে আক্রান্ত বেনারস শহরের রুটি, লাডু, বেলুন, ইট এবং জ্যাকেটের গাঁয়েও নির্বাচনী প্রচারণার ছাপ পাওয়া যাচ্ছে। বিজেপি সমর্থকরা বিভিন্ন পণ্যে মোদীর নাম এবং প্রতীক পদ্মফুল ব্যবহার করছে। -পিটিআই