না’গঞ্জের ঘটনায় আমার পরিবারের কেউ জড়িত নয়

আপডেট : ০৯ মে ২০১৪, ২৩:২৮
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় অভিযুক্তদের সঙ্গে তার পরিবারের কোন সদস্যের কখনোই কোন রকম যোগাযোগ, ব্যবসায়িক লেনদেন বা সম্পর্ক ছিল না। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে তিনি নারায়ণগঞ্জে সম্প্রতি সংঘটিত কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত জনের মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক ও নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রকৃত সত্য জেনে মন্তব্য করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এ ঘটনার সাথে আমার পরিবারের সদস্যদের জড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা ধরনের সংবাদ পরিবেশিত হচ্ছে, যা আমাকে ভীষণভাবে মর্মাহত এবং আমার পরিবারের সম্মানহানি করছে। তবে যেহেতু ঘটনা নিয়ে বিভিন্ন তদন্ত কমিটি কাজ করছে এবং তদন্ত যাতে প্রভাবিত না হয় সেজন্য আমি কোন রকম মন্তব্য করা থেকে বিরত রয়েছি। তদন্তে নিশ্চয়ই প্রকৃত সত্য বেরিয়ে আসবে উল্লেখ করে বিবৃতিতে নিহতদের পরিবারের মতো তিনিও প্রকৃত অপরাধীদের আইনানুগ শাস্তি প্রত্যাশা করেন। জনাব মায়া এলোমেলো ভিত্তিহীন মন্তব্যের ফলে প্রকৃত অপরাধীরা যাতে আড়াল হতে না পারে সেদিকেও সকলের সজাগ দৃষ্টি কামনা করেন। উল্লেখ্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবি চন্দন সরকারসহ সাত হত্যাকাণ্ড নিয়ে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। এ ঘটনায় র্যাব-১১-এর তিন শীর্ষ কর্মকর্তাকে চাকরি থেকে অবসর দেয়া হয়।