আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, বর্তমান সরকার দুস্থ মানুষের পাশেই রয়েছে। এ সরকারের আমলে জেলেদের খাদ্য সহায়তার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। সরকারের দেয়া সহায়তার চাল নিয়েও যারা জাটকা নিধন করবে, তাদের শাস্তি পেতে হবে। ইলিশ বাংলাদেশের একটি জাতীয় সম্পদ। এই সম্পদ কোনোভাবেই বিনষ্ট হতে দেয়া যাবে না। শুক্রবার নলছিটি পৌরসভা চত্বরে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় জেলেদের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বর্তমান সরকারের সফলতার কথা তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, দেশে এখন আর খাদ্য ঘাটতি নেই। মানুষকে না খেয়ে থাকতে হয় না। কোনো না কোনোভাবে মানুষের উপার্জনের পথ তৈরি করে দিচ্ছে সরকার। এ ধারা অব্যাহত থাকবে।
নলছিটি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস লস্কর, উপজেলা মত্স্য কর্মকর্তা মো. কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটির ইউএনও আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, নলছিটি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ প্রমুখ। অনুষ্ঠান শেষে শিল্পমন্ত্রী নলছিটি উপজেলার ২৮২ জন জেলেকে জনপ্রতি ৪০ কেজি করে চাল বিতরণ করেন। এর আগে শিল্পমন্ত্রী নলছিটি পৌরসভার বিভিন্ন এলাকায় নবনির্মিত চারটি সড়কের ফলক উন্মোচন করেন।
