মিউজিক ইন্ডাস্ট্রির অন্য কোনো কাজে অগ্রগতি হোক বা না হোক, ক্রমাগতভাবে সংগঠন তৈরি হচ্ছে। এবারে দেশের ৪০টি ব্যান্ড নিয়ে গঠিত নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করল। নতুন এই সংগঠনের নাম সোসাইটি অব মিউজিক্যাল ব্যান্ডস বাংলাদেশ (এসএমবি)। এ উপলক্ষে গত ৮ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, পূর্বসূরিদের সঙ্গে নতুনদের মেলবন্ধন তৈরির পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করার লক্ষ্যে গঠিত হয়েছে এসএমবি। এই সংগঠনের ব্যানারে আছে আর্ক, শিরোনামহীন, আর্টসেল, ব্ল্যাক, পাওয়ার সার্চ, কার্নিভাল, রেডিও অ্যাকটিভ, গাছ, অরণ্য ও রেড লাইনসহ ৪০টি ব্যান্ড।
সংবাদ সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমবির সহ-সভাপতি মোরশেদ খান (আর্ক), শাফকাত আহমেদ দীপ্ত (অরণ্য), কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী সুমন (পেন্টাগন), জিয়াউর রহমান (শিরোনামহীন), জামশেদ (পাওয়ার সার্চ)-সহ আরও অনেকে। এসএমবির সভাপতি ব্ল্যাক ব্যান্ডের মেহমুদ আফ্রিদী টনি ও সাধারণ সম্পাদক আর্টসেল ব্যান্ডের এরশাদ জানান, আগামী ২৪ মে বনানীতে এক কনসার্টের আয়োজন করবে এসএমবি।
