মন্ত্রী রাশেদ খান মেননের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করার সময় পানিতে ডুবে হতাহত পর্যটকদের ব্যাপারে কোন তথ্য নেই ‘কক্সবাজার সী-বীচ ম্যানেজমেন্ট কমিটি’র কাছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন শুক্রবার রাতে মোটেল শৈবালে অনুষ্ঠিত সী-বীচ ম্যানেজমেন্ট কমিটির সভায় এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্যরা মন্ত্রীকে এ তথ্য জানান। এ কথা শুনে মন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন কক্সবাজার সী-বীচ ম্যানেজমেন্ট কমিটি’র সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এসময় কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রীকে জানানো হয়, সমুদ্র সৈকতে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ১৯৯৩ সালে কক্সবাজার সী-বীচ ম্যানেজমেন্ট কমিটি গঠিত হয়। এই কমিটি সমুদ্র সৈকতে ব্যবসার লাইসেন্স প্রদান করে। তবে লাইসেন্স থেকে অর্জিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে যায় না, তা স্থানীয়ভাবেই খরচ করা হয়। বর্তমানে এই কমিটিতে সরকারি কর্মকর্তা ছাড়াও সরকারি দলের প্রতিনিধিরা সদস্য হিসাবে রয়েছেন।
মন্ত্রী রাশেদ খান মেনন এ কমিটির কাছে সমুদ্রে ডুবে হতাহতদের ব্যাপারে তথ্য জানতে চাইলে তাকে কোন তথ্য জানাতে পারেননি কমিটির কর্মকর্তারা। মন্ত্রী এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে এক পর্যায়ে সভা ছেড়েই চলে যান।
এর আগে মন্ত্রী শুক্রবার সকাল ১১টায় বিমানযোগে কক্সবাজারে এসে পৌঁছান। পরে টেকনাফের সাবরাংয়ে পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রকল্প পরিদর্শন শেষে সী-বীচ ম্যানেজমেন্ট কমিটি’র সভায় যোগ দেন। গতকাল শনিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকত পরিদর্শন শেষে মন্ত্রী বান্দরবানের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।
