নওগাঁ প্রতিনিধি
নওগাঁ পত্নীতলা উপজেলার কাঁটাবাড়ি হাড়পুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে লিপি আক্তার সাভারের রানা প্লাজায় কর্মরত অবস্থায় ওই দিন নিখোঁজ হয়। এক বছর পার হলেও আজও তার কোন খোঁজ না পাওয়ায় বাবা-মাসহ আত্মীয়-স্বজনরা হতাশায় দিন পার করছেন।
উপজেলার কাঁটাবাড়ি হাড়পুর গ্রামের গরীব অসহায় আব্দুল মান্নানের মেয়ে লিপি আক্তারকে পার্শ্ববর্তী মধইল গ্রামে ৩ বছর পূর্বে বিয়ে দিলেও আর্থিক অনটনের কারণে বিয়ের পর সাভারের রানা প্লাজার নিউ ওয়েভ বটমস লিমিটেড এ মান পরিদর্শক হিসাবে ২০১২ সালে লিপি কাজে যোগদান করে। হঠাত্ করে ২৪ এপ্রিল রানা প্লাজা ধ্বংসের খবর পেয়ে লিপির বাবা মেয়ের খোঁজে সাভারে যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর সে তার মেয়েকে পায়নি। অবশেষে ডিএনএ পরীক্ষার পরও লিপির কোন সন্ধান মেলেনি বলে তার পরিবার জানায়। তবে আব্দুল মান্নান তার মেয়ে লিপি আক্তার রানা প্লাজায় কর্মরত অবস্থায় হারিয়ে যাওয়ার ঘটনায় ২১ মে ঢাকা সাভার থানায় সাধারণ ডায়েরি ও প্রশাসনের কাছে আবেদন করে।
