গফরগাঁওয়ে বাড়িঘরে হামলা ভাংচুর

আপডেট : ১০ মে ২০১৪, ২২:০৮
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের গফরগাঁওয়ের রৌহা গ্রামে গতকাল শনিবার বালিখলার জন্য রাস্তা না দেয়ায় ৪ বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার রৌহা গ্রাম এলাকায় ব্রহ্মপুত্র নদে দীর্ঘদিন যাবত বালির ব্যবসা করে আসছিল অবসরপ্রাপ্ত পুলিশের এস আই আলাল উদ্দিন নামে এক ব্যক্তি। একই গ্রামের রমজান, আঞ্জু, স্বাধীন ও মন্টুর বাড়ির বসতঘরের জন্য আলাল দারোগার বালির খলায় বড় ধরনের ট্রাক প্রবেশ করতে পারছিল না। আলাল দারোগা বাড়ির মালিকদের বসতভিটা সরিয়ে বালির খলার রাস্তা দেয়ার জন্য চাপ দিয়ে আসছিল। বাড়ির মালিকরা রাস্তা দিতে রাজি না হওয়ায় আলাল দারোগার নেতৃত্বে ১০/১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী রমজান, আঞ্জু, স্বাধীন ও মন্টুর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় হামলাকারীরা ১০/১২ রাউন্ড গুলি বর্ষণ করে। হামলাকারীরা বাড়ির মহিলাদেরও লাঞ্ছিত করে। ক্ষতিগ্রস্ত রমজান জানান, সন্ত্রাসীদের হামলায় ৪টি পরিবারের কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। গফরগাঁও সদর থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।