নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাগ্যে কি ঘটেছে? এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তদন্তকারী পুলিশ কর্তৃপক্ষ বলছেন, নূর হোসেনসহ জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নূর হোসেন দেশে আছে নাকি বিদেশে পালিয়ে গেছে, এ সম্পর্কিত কোন তথ্য তাদের কাছে নেই।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, নূর হোসেন গ্রেফতার হলে জড়িত পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের আসল চরিত্র ফুটে উঠবে। এ ছাড়া তার কাছ থেকে কোটি টাকার ভাগ কোথায় যেত এবং কারা নিত তাও প্রকাশ হয়ে যাবে। নজরুল ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহরণ ও হত্যাকাণ্ডে কারা জড়িত, পরিকল্পনায় কারা ছিল, হত্যাকাণ্ডের মিশন সফল করতে কিভাবে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, কার পকেটে গেছে তাও প্রকাশ হয়ে যাবে। এসব কারণেই নূর হোসেন বেঁচে আছে কিনা এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
সূত্র জানায়, নূর হোসেন বিদেশে পালিয়ে যাওয়ার কথা কেউ কেউ বলছে। আসলে সে দুনিয়া থেকেই চির বিদায় নিয়ে গেছে বলে সূত্র জানায়। র্যাবের এক শীর্ষ কর্মকর্তা বলেন, নূর হোসেন বর্তমানে কলকাতা অবস্থান করছে। বিভিন্ন তথ্য ও অনুসন্ধানে জানতে পেরেছেন যে, নূর হোসেন বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। এর বাইরে তিনি আর কিছু বলতে পারছেন না।
