সুনামগঞ্জে বিএনপি নেতা নিখোঁজ

জড়িত সন্দেহে আটক ৩

আপডেট : ১০ মে ২০১৪, ২৩:৩৯
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মুজিবুর রহমান মুজিব নিখোঁজের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। শহরের পুরাতন বাসস্টেশন থেকে গতকাল শনিবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আকবর চৌধুরী ও তার আত্মীয় শহরের পুরাতন বাসস্টেশন এলাকার আজিজুল হকের ছেলে জিহাদুল হক জিহাদ এবং আব্দুল মতিনের ছেলে তারেকুজ্জামান তারেক। পুলিশ সূত্রে জানা যায়, শহরের পুরাতন বাসস্টেশনে একটি দোকান নিয়ে বিএনপি নেতা মুজিবের সাথে আলী আকবরের শ্বশুর পক্ষের বিরোধ ছিল। বিএনপি নেতা মুজিব নিখোঁজের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখতে ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের সুনামগঞ্জ সদর থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সুনামগঞ্জের পুলিশ সুপার বলেন, বিএনপি নেতা মুজিবের পরিবারের পক্ষ থেকে দেয়া অভিযোগের ভিত্তিতে ওই ৩ জনকে আটক করা হয়। তিনি জানান, শনিবার বিকাল ৫টা পর্যন্ত তাদের কাছ থেকে পুলিশ কোন প্রকার ক্লু বের করতে পারেনি। এদিকে জেলা বিএনপি আজ সুনামগঞ্জে আধাবেলা হরতাল আহ্বান করেছে।