সোনাক্ষি সিনহা বরাবরই তার ক্যারিয়ার সাফল্যের ক্ষেত্রে সৌভাগ্যের বারতা নিয়েই এসেছেন। তবে এবারে একেবারে অকপটেই বললেন, তিনি আমির খানের সাথে অভিনয় করতে চান। বলিউডের মিস্টার পারফেকশনিস্টের সাথে অভিনয়ের জন্য মুখিয়ে থাকেন আসলে সকলেই। তবে সোনাক্ষির জন্য এই চাওয়াটা আরও ভিন্ন। সম্প্রতি এক সাক্ষাত্কারে সোনাক্ষি বলেছেন, ‘আমি ভেবেছিলাম আমার নিজের এতগুলো ছবি রিলিজের পর আমির আমার অভিনয় নিয়ে একটা কমপ্লিমেন্ট করবেন। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার অভিনয়ের ক্ষেত্রে তার একটা কমপ্লিমেন্ট অনেক কিছু। কিন্তু সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমির অন্য এক নায়িকার নাম বললেন। ওর প্রতি অভিমান আর ভীষণ মন খারাপ হলো তাই।’ উল্লেখ্য কিছুদিন আগে এনডিটিভির এক বিশেষ সম্মাননায় সেরা অভিনেত্রী হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয় কঙ্গনা রানাউতকে। সেখানে আমিরের হাত থেকে তিনি পুরস্কারটি গ্রহণ করেন। তাই এবারে যেন সোনাক্ষি উঠে পড়ে লেগেছেন আমিরের প্রডাকশনে কাজ করার জন্য। খুব শিগগিরই আমির তার নতুন ছবির প্রডাকশনের নাম ঘোষণা করবেন। কে কে থাকবেন সেই তালিকায়? সেই উত্তরের অপেক্ষাতেই যেন রয়েছেন এই বলিউড সুন্দরী।
