শেয়ার বাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

আপডেট : ১১ মে ২০১৪, ২০:৩৪
গতকাল রবিবার শেয়ার বাজারে ফের দর সংশোধন হয়েছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৬৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭৮ কোটি ৫৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩০ কোটি ৪২ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া হা-ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেডের লেনদেন আগামী বুধবার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শুরু হবে। গত ২৩ মার্চ কোম্পানিটির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়। কোম্পানিটি শেয়ার বাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহের জন্য ২ কোটি শেয়ার ছেড়েছে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ৫০০টি শেয়ারে মার্কেট লট। আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে মেশিনারিজ ও জমি ক্রয়, ভূমি উন্নয়ন, নতুন ফ্যাক্টরি ভবন নির্মাণ, যন্ত্রপাতি মেরামত এবং আইপিও বাবদ ব্যয় করবে। ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের খাত পরিবর্তনের অনুমোদন দিয়েছে ডিএসই পরিচালনা পর্ষদ। এখন থেকে সিভিও পেট্রোকেমিক্যাল খাদ্য ও আনুষঙ্গিক খাত পরিবর্তন করে জ্বালানি ও বিদ্যুত্ খাতে অন্তর্ভুক্ত হবে। আজ থেকে খাত পরিবর্তন কার্যকর হবে। একই সঙ্গে কোম্পানিটির কার্যক্রম আজ থেকে ‘এ’ ক্যাটাগরিতে শুরু হবে।