রায়গঞ্জে স্কুল ভবন ঝুঁকিপূর্ণ গাছ তলায় পাঠদান

আপডেট : ১১ মে ২০১৪, ২১:৪৬
রায়গঞ্জে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ১২টি স্কুল ভবনে চলছে প্রাথমিক পর্যায়ের শিশুদের পাঠদান। প্রতিদিন প্রায় আড়াই হাজার শিশু শিক্ষার্থী ও অর্ধশতাধিক শিক্ষক জীবনের ঝুঁকি নিয়ে এসব জরাজীর্ণ ভবনে অবস্থান করছে। এতে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করা হচ্ছে। এতে অনেক অভিভাবক তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চাচ্ছেন না। জরুরিভিত্তিতে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হলে অচিরেই বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ হয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। উপজেলার সুজাপুর, সোনাখাড়া, খৈচালা, নৈপাড়া-আমশড়া, জঞ্জালীপাড়া, বাসুদেবকোল, মোরদিয়া, কৃষ্ণপুর, আন্দ্রা, অর্জুণী, আটঘরিয়া ও হাতেম হাসিল সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিটি বিদ্যালয় ভবনের ছাদ ও দেয়াল জরাজীর্ণ, বীম ও পিলারে মারাত্মক ফাটল, প্লাস্টার খসে পড়ে ভবনগুলো দাঁড়িয়ে আছে কঙ্কালের মত। বাউন্ডারি দেয়াল নেই, অনেক বিদ্যালয়ে নেই টিউবওয়েল, নেই টয়লেট বাথরুমের ব্যবস্থা। প্রধান শিক্ষকরা জানান, প্রায় ৮ মাস আগে এসব ভবনে পাঠদান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। কিন্তু শ্রেণিকক্ষের জন্য বিকল্প কোন ব্যবস্থা না থাকায় নিরুপায় হয়ে এসব ভবনে ক্লাস চালিয়ে যেতে হচ্ছে। হাতেগোনা ২/১টি বিদ্যালয় ছাড়া অধিকাংশ বিদ্যালয় প্রাঙ্গণে কোন ছায়াদানকারী গাছপালা নেই। প্রাকৃতিক দুর্যোগের মৌসুম আসন্ন। এমতাবস্থায়, পাঠদানের বিষয় নিয়ে শিক্ষক অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ চরম উত্কণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। উপজেলা প্রকৌশলী মোঃ সেরাজুল ইসলাম টেকনিক্যাল রিপোর্ট তৈরিতে কালক্ষেপণের বিষয়টি স্বীকার করে বলেন, এখনো সব ঝুঁকিপূর্ণ ভবনের ছবি তার হাতে আসেনি।