সুয়ারেজ পুরস্কার পাবার উপযুক্ত নয় :মরিনহো

আপডেট : ১১ মে ২০১৪, ২২:২৫
চেলসি কোচ হোসে মরিনহো অভিযোগ করেছেন লিভারপুল স্ট্রাইকার লুইস সুয়ারেজকে এবারের মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচনের জন্য পছন্দ করাটা সঠিক হয়নি। বরং শিরোপা জেতা দল ম্যানচেস্টার সিটি থেকে কাউকে বেছে নেয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। রবিবার বিভিন্ন ব্রিটিশ পত্রিকায় মরিনহোর ওই বক্তব্য ছাপা হয়েছে। যেখানে তিনি বলেছেন, ‘লুইস সুয়ারেজ একজন দারুণ খেলোয়াড় সন্দেহ নেই। আর এমন কোন খেলোয়াড়কে সেরা হিসাবে বেছে নেয়া হবে না যার কোন প্রতিভাই নেই। (কিন্তু) আমাদের মনে রাখা উচিত এমন কারোও পুরস্কার পাওয়া উচিত নয়, যে কিনা দশ, আট কিংবা ছয় বছর আগে শিরোপা জিতেছে।’ গত মৌসুমে চেলসির খেলোয়াড় ব্রানিস¬াভ ইভানোভিচকে কামড়ে দেয়ার অপরাধে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হন সুয়ারেজ। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন তিনি। নিজেই ৩১টি গোল করে তার দল লিভারপুলকে শিরোপার দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেন। ফলে বৃটেনের পেশাদার ফুটবল এসোসিয়েশন ও ফুটবল রাইটার্স এসোসিয়েশনের সরাসরি ভোটে তিনি বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। চলতি মৌসুমে চেলসির মাঠে একটি ‘জটিল ডিগবাজির মাধ্যমে’ পেনাল্টি আদায়ের জন্য লিভারপুল তারকা সুয়ারেজের কঠোর সমালোচনা করেন মরিনহো। ওই ম্যাচে তার দল ২-১ গোলে পরাজিত হয়। অবশ্য মরিনহো এটিও বলেছেন, ‘সে ইভানোভিচকে কামড়ে দিয়েছে ঠিকই। তবে চলতি মৌসুমে নয়। আগের মৌসুমে। এটি আলাদা একটি মৌসুম। আমি শুধু বলব, তিনি যে শুধু একবার ভুল করেছেন তা নয়। এটিও বলছি না যে, একটি ভুলের কারণে বাকী জীবনের জন্য তাকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার সব সময় চ্যাম্পিয়ন দল থেকে হওয়া উচিত। এখনো চ্যাম্পিয়ন দল নির্ধারিত হয়নি। এই দৌড়ে রয়েছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। বরং লিভারপুলের চেয়ে সিটি বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে। সিটি যদি চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে আমি বলব তাদেরই একজন খেলোয়াড়ের পুরস্কারটি পাওয়া উচিত। সেক্ষেত্রে আমার পছন্দের খেলোয়াড়টি হচ্ছে এডিন জেকো। তিনি এমন এক খেলোয়াড় যিনি শুধু গোলই করেন না। তিনি দলের অন্য খেলোয়াড়দের সহযোগিতা করেন, দলের জন্য পরিশ্রম করে খেলেন এবং সর্বোপরি একজন ভদ্র আচরণকারী ও পরিচ্ছন্ন খেলোয়াড়।’ মৌসুমের শুরুর দিকে সুয়ারেজ যে দলেই সুযোগ পেতেন না সেকথাও মনে করিয়ে দিয়েছেন মরিনহো। এই পর্তুগীজ বলেন, ‘সে তৃতীয় স্ট্রাইকার হিসেবে মৌসুম শুরু করেছিল। কোচের প্রথম পছন্দের তালিকায় থাকতে পারেননি। মৌসুমের গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে দল তার প্রয়োজনীয়তা অনুভব করে। আমার মনে হয় তিনিই অন্য দলের সঙ্গে নিজেদের ব্যবধান এনে দিয়েছেন। এই মুহূর্তে তার গোল সংখ্যা ১৬টি। তৃতীয় স্ট্রাইকার হিসেবে এই গোলসংখ্যা কিছুটা অবাক করার মতোই।’-বাসস