নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা চলছে। অথচ মিডিয়ায় স্পষ্ট এসেছে- কারা এ খুন-গুমে জড়িত। তাই এ ঘটনায় বিএনপি একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি করার প্রস্তাব দেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল রবিবার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সদ্য কারামুক্ত হাবিব-উন-নবী খান সোহেলকে নিয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল সাংবাদিকদের এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, দেশে অপহরণ, খুন-গুমে সরকার র্যাবকে ব্যবহার করছে। এখন আর র্যাবের প্রয়োজনীয়তা আছে কি-না, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ এই ফোর্সকে এখন জনগণের বিপক্ষে দাঁড় করানো হয়েছে।
আগামী বুধবার দলের চেয়ারপরাসন বেগম খালেদা জিয়ার নারায়ণগঞ্জ সফরের দিন নিহত সাত জনের পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ জানানোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এটা আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি। তারা বিরোধী দলকে কোনো কর্মকাণ্ড করতে দিতে চায় না। তিনি দাবি করেন, বিএনপি চেয়ারপারসনের কর্মসূচি পূর্ব নির্ধারিত। অথচ একই দিন প্রধানমন্ত্রী নিহতদের স্বজনদের ডেকেছেন। এটি কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে বলে মনে করি না।
১৩ মে নারায়ণগঞ্জ যাবেন
খালেদা জিয়া
নারায়ণগঞ্জের সাত খুনের শিকার হওয়া পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে আগামী ১৩ মে নারায়ণগঞ্জ যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে তার সফরের পূর্ব নির্ধারিত দিন ছিল ১৪ মে। কিন্তু ওই দিন সমবেদনা জানাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিহতদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ কারণে একদিন আগেই সেখানে যাচ্ছেন খালেদা জিয়া। বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
